২৪ ঘণ্টায় ঢাকায় ৭ জনসহ ডেঙ্গুতে মৃত্যু ১০

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। তাদের সাতজনই ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালে মারা গেছে। এতে চলতি মাসে প্রতিদিন ডেঙ্গুতে গড়ে প্রায় ছয়জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে গত জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুজ¦রে মৃত্যু ঘটেছে ৩৩১ জনের। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু একটা প্রতিরোধযোগ্য রোগ, আক্রান্ত হওয়ার আগেই মশক নিধন, ঘুমানোর আগে মশারি টানিয়ে ঘুমানো এবং কর্মক্ষেত্রে সাবধানতার সাথে চলতে পারলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে যাওয়ার পর পরই চিকিৎসকের পরামর্শে থাকলে ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থার অবনতি হয় না কিছু ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমী রোগীদের ওই চিকিৎসকই পরামর্শ দেবেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে। তা ছাড়া ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর পরই প্রচুর পানি, পরিমাণমতো খাবার স্যালাইন (ডায়াবেটিসে ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে খাবার স্যালাইনে বিপদ ঘটতে পারে) পান করলেও রোগীর অবস্থার অবনতি না ঘটে উন্নতি ঘটতে পারে। কারণ, ডেঙ্গু একটি ভাইরাল ইনফেকশন, শুধু ডেঙ্গু রোগের জন্য চিকিৎসক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন না। শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাই ডেঙ্গু জীবাণুকে নষ্ট করতে পারে। 
গতকাল যে ১০ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এদের মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগের হাসপাতালে দু’জন ভর্তি ছিল। সাতজন ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালে এবং একজন সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, এই ডেঙ্গু মৃত ১০ জনের মধ্যে পাঁচ বছরের নিচের একটি শিশুও রয়েছে। অন্য দিকে মৃত ১০ জনের মধ্যে তিনজন পুরুষ ও বাকিরা নারী। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৪৩ জন। 
গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে খুলনা বিভাগে ২৩৪ জন। একই সময়ে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৪৫ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৩৮ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৭ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৯৫ জন ভর্তি হয়েছিল, ময়মনসিংহ বিভাগে ১০০ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭০ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন। সিলেট বিভাগের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১১ জন।  
চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আট জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সাতজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বেসরকারি হাসপাতাল ও কিনিকে ভর্তি হয়েছেন ২৭ জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন এবং বেসরকারি হাসপাতালে ১৮ জন।