
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর রায়পুরায় তারেক মিয়া (২৭) নামে এক যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা অলিউর রহমানের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জীবিকার সন্ধানে চার বছর আগে মালয়েশিয়া যান তারেক। সেখানে মাদক সেবনে জড়িয়ে পড়লে দেশটির পুলিশ তাকে আটক করে দেশে পাঠিয়ে দেয়। আড়াই বছর আগে দেশে ফেরার পর থেকে তিনি নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত বুধবার তারেক মাদক ক্রয়ের টাকা না পেয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে বাবা অলিউর রহমান তাকে গোয়ালঘরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তারেকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ জানান, তারেক মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের নির্যাতন করতেন। রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তারেকের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








