দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ডেল বেনকেনস্টাইন
বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইন। ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে। স্বাগতিক পেসাররা গতি ও বাউন্স দিয়ে আক্রমণ করবে, সেটি ভালো করেই জানেন নতুন ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইন। 

Advertisement

তবে বাংলাদেশের ব্যাটারদের টেকনিক ও সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতার ওপর আস্থা আছে তার। বেনকেনস্টাইনের বিশ্বাস, দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারলে দক্ষিণ আফ্রিকাতেও ভালো করতে পারে বাংলাদেশ। 

শুক্রবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশের অত্যন্ত প্রতিভাবান একটি ব্যাটিং ইউনিট আছে। ব্যাটাররা টেকনিক্যালি বেশ শক্তিশালী। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে, তারা কত দ্রুত এবং কীভাবে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বোলারদের পরিকল্পনা সম্পর্কেও সতর্ক করেছেন নতুন কোচ। তার ধারণা, স্বাগতিক পেসাররা নিজেদের শক্তি অনুযায়ী গতি ও বাউন্স দিয়ে বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নেবেন। 

তবে অস্ট্রেলিয়া সফরে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের মতো বিশ্বমানের পেসারদের মোকাবিলা করার অভিজ্ঞতা দলকে আত্মবিশ্বাস জোগাবে। বেনকেনস্টাইন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলাররা নিজেদের শক্তি অনুযায়ী গতি ও বাউন্স দিয়ে আক্রমণ করবে।’

‘তবে গত কয়েক মাসে স্টার্ক, হ্যাজেলউডদের মতো বোলারদের মোকাবিলা করায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকার কথা।’

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের মধ্যে মিলও দেখছেন বেনকেনস্টাইন। তার আশা, অস্ট্রেলিয়ায় ভালো সিরিজ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার পরিবেশের সাথেও দ্রুত মানিয়ে নিতে পারবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় দারুণ একটি সিরিজ খেলে আসায় তাদের আত্মবিশ্বাস যথেষ্ট আছে। সেখানকার কন্ডিশনের সাথে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেরও বেশ মিল রয়েছে। তাই তারা এখানেও মানিয়ে নিতে পারবে বলে আশা করি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন নতুন ব্যাটিং কোচ। যদিও ওই সিরিজে তিনি দলের সাথে ছিলেন না। তাই সরাসরি মূল্যায়ন না করে অস্ট্রেলিয়া সফর থেকে পাওয়া আত্মবিশ্বাসের দিকটিই সামনে এনেছেন।

তার ভাষায়, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমি দলে ছিলাম না। তবে আমার মনে হয়েছে, খেলোয়াড়রা অস্ট্রেলিয়া সফর নিয়ে অনেক কথা বলছে এবং সেখান থেকে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে এসেছে।’

বাংলাদেশ দলের সাথে যোগ দিয়ে ভালো অভিজ্ঞতার কথাও জানিয়েছেন বেনকেনস্টাইন। তিনি বলেন, ‘কাজ করার জন্য দারুণ একটি দল পেয়েছি। সবাই আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আমি রোমাঞ্চিত।’

তবে চ্যালেঞ্জের কঠিন দিকটিও অস্বীকার করছেন না তিনি। বেনকেনস্টাইনের ভাষায়, ‘আমরা সবাই জানি, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না।’

উল্লেখ্য, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ দল। শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। জোহানসবার্গে আগামীকাল রোববার প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা।