হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া সফরের শেষটাও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সাত উইকেটের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে হার ৯ উইকেটে। এতে সিরিজ আগেই খুইয়েছিল টাইগ্রেসরা। বাকি ছিল হোয়াইটওয়াশ এড়ানো। সেটিও হলো না নিগার সুলতানা জ্যোতির দলের। শেষ ওয়ানডেতে গতকাল ৮ উইকেটের বড় হারে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। 
ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। এক রান নিয়ে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। দলীয় ১১ রানে দ্বিতীয় উইকেটের পতন শারমিন সুলতানা (৬)। স্কোরবোর্ডে সাত রান যোগ হতে তিন রান করেই বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সুবহানা মুসতারির ব্যাট থেকে আসে ৯ রান। এরই মধ্যে একটা প্রান্ত আগলে ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন শারমিন আক্তার। কিন্তু ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ফিফটি পূরণ করার পর কাঁটায় কাঁটায় ৫০ রানেই আউট হন তিনি। তার বিদায়ের পর উইকেটে থিতু হতে পারেননি রিতু মনিও। 
১১৫ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে রাবেয়া খানকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। রাবেয়া অবশ্য ১৬ বলে ১৩ করে বোল্ড হয়ে যান। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল স্বর্ণার। তার ব্যাট থেকে ৭১ বলে ৫৪ রান। ১৩ রানে অপরাজিত ছিলেন দিশা বিশ্বাস। ৪৯.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ১৬ রানের বিনিময়ে চার উইকেট নেন অস্ট্রেলিয়ার মেগান স্কাট।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে দুই উইকেট হারালেও অ্যালিসা পেরি ও এনাবেল সাদারল্যান্ডের ব্যাটে চড়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। পেরি ৬৪ বলে ৬৫ আর সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ-সেরা ও সিরিজ-সেরা হন মেগান স্কাট।

Advertisement