
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গাছবোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার ওপর পড়ায় মহাসড়কের এক লেনে আট কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী এবং পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে।
জানা গেছে, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে যায়। এতে যানবাহনের ধীরগতিতে প্রায় আট কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়। ফলে যাতায়াতকারী মানুষ এবং চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
আশরাফুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি মেঘনাঘাট যাবার উদ্দেশে রওনা হয়ে প্রায় দেড় ঘণ্টা যানজট আটক পড়ি। একপর্যায়ে গাড়ি থেকে নেমে ফিরে এসেছি।’
ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ‘ভোরে ট্রাক উল্টে গাছগুলো ছড়িয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। গাছগুলো সরানোর জন্য সকালে শ্রমিক না পাওয়ায় এতো দেরি হয়। শ্রমিকরা রেকার দিয়ে বিকল ট্রাকটি সরানোর চেষ্টা করছেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








