
দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা আলোচিত মাদককারবারি হিসেবে পরিচিত মো: ফকির চাঁন ওরফে জাহের আলী ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে গোপন অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্টসহ একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ফকির চাঁন রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানা পুলিশের একাধিক অভিযানিক দল ও রাত্রিকালীন জরুরি পার্টির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফকির চাঁন দীর্ঘদিন ধরে রৌমারী এলাকায় মাদককারবারের সাথে জড়িত বলে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে এবং বাড়ির আশপাশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য তার বাড়িতে ১৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এর আগে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে এসব সিসি ক্যামেরা জব্দ করে। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও বারবার পুলিশের নাগালের বাইরে থেকে যান তিনি। অবশেষে বিশেষ রাত্রিকালীন অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: রাসেল কবির জানান, গ্রেফতার ফকির চাঁনের বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্টসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে।
তিনি আরও জানান, রৌমারী উপজেলায় মাদককারবার, মাদককারবারি ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








