ফাদা হোসেইন মালেকি ও সরদার আইয়াজ সাদিক
ফাদা হোসেইন মালেকি ও সরদার আইয়াজ সাদিক। সংগৃহীত ছবি

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক বলেছেন, ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও অনন্য। পাকিস্তান সব সময় ইরান ও ফিলিস্তিনের পাশে থাকবে।

Advertisement

গত সোমবার (১৬ নভেম্বর) ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের অবকাশে ইরান-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান ফাদা হোসেইন মালেকির সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আইয়াজ সাদিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার নিন্দা জানানো বিশ্বের প্রথম সংসদ ছিল পাকিস্তানের সংসদ। এ হামলার প্রতিবাদে পাকিস্তানের জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাবও পাস করেছিল।

তিনি দুই দেশের সংসদীয়, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন। তার মতে, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাকিস্তানের সংসদ স্পিকার বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে পাকিস্তানের গোয়াদর বন্দর ইরানসহ এ অঞ্চলের অন্যান্য দেশের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করতে পারে।

তিনি সন্ত্রাসবাদকে দুই দেশের অভিন্ন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন।

আইয়াজ সাদিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর আঞ্চলিক পরিস্থিতি মোকাবেলা এবং যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতামূলক ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত চার দেশের বৈঠকও পারস্পরিক আলোচনা ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

সাক্ষাতে ইরানের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান ফাদা হোসেইন মালেকি বলেন, কঠিন সময়ে পাকিস্তানের সমর্থনের কথা ইরান কখনো ভুলবে না। আঞ্চলিক উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

সূত্র : পার্সটুডে