পাঁচ সেঞ্চুরির একদিন

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে শতরানের দেখা পেয়েছেন মোট ৫ ব্যাটসম্যান। এ  ছাড়া ৯০ ছুঁয়েছেন আরো দু’জন। প্রথম রাউন্ডের মতো এবারো তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন চট্টগ্রামের সাদিকুর রহমান। লম্বা সময় পর সেঞ্চুরি করেছেন শাহাদাত হোসেন। বল হাতে ৬ উইকেটের পর ব্যাটিংয়ে শতক পেরিয়ে অপরাজিত শেখ মাহেদি হাসান। সেঞ্চুরি পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মার্শাল আইয়ুব।
৬ উইকেটের পর এবার মাহেদীর সেঞ্চুরি
মিরপুরে গতকাল ঘূর্ণিজাদুতে ৬ উইকেট নিয়ে রাজশাহীকে গুঁড়িয়ে দিয়েছেন শেখ মেহেদী হাসান। গতকাল করলেন সেঞ্চুরিও। তার অলরাউন্ড নৈপুণ্যে খুলনা চাপে রাখছে রাজশাহীকে। দ্বিতীয় দিনের খেলা শেষে খুলনা ৩৪৪ রানে এগিয়ে। 
মিরপুরে গতকাল ১ উইকেটে ১০৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে খুলনা। তিনে নামা কালাম সিদ্দিকী সেঞ্চুরির সুবাস পেলেও ৯১ রানে আউট হয়েছেন। মাহেদীর ব্যাটে সেঞ্চুরির দেখা পায় খুলনা। ১১৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন এই অলরাউন্ডার। ৯ উইকেটে ৪৬৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে খুলনা। রাজশাহীর নিহাদুজ্জামান ৩ উইকেট নেন।
অঙ্কন আইয়ুবের সেঞ্চুরি
মিরপুরের মতোই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রানবন্যায় মেতেছে ঢাকা। স্বাগতিক সিলেট এখনো ৩৯৩ রানে পিছিয়ে। সিলেটে গতকাল ২ উইকেটে ৩৪৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা। আগের দিনে যখন আহত অবসর হয়ে ফেরেন নাঈম শেখ, তখন তার স্কোর ১৩১ রান। গতকাল তিনি আউট হয়েছেন ১৩৭ রান করে। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, মার্শাল আইয়ুবের ব্যাট থেকেও সেঞ্চুরি পেয়েছে ঢাকা। ১০৮ রান করেন অঙ্কন। আইয়ুবের ব্যাট থেকে আসে ১৭৫ রান। ঢাকা ৮ উইকেটে ৫৪৭ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে সিলেট ২ উইকেটে ১৫৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। 
সাদিকুর-শাহাদাতের সেঞ্চুরি
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ছড়ি ঘুরিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। সারা দিন ৮১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০৭ রান যোগ করেছে তারা। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৯ রান। ইতঃমধ্যে ১৯৩ রানের লিড পেয়ে গেছে তারা।
টানা দ্বিতীয় ও সব মিলিয়ে নিজের পঞ্চম সেঞ্চুরি করেন সাদিকুর। আগের রাউন্ডে ১১৫ রানের ইনিংস খেলা বাঁহাতি ওপেনার এবার করেন ১৯ চার ও ২ ছক্কায় ১৬৩ বলে ১৪৯ রান। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিতে ১০১ রানে অপরাজিত শাহাদাত। একই সম্ভাবনা জাগিয়ে ৭ চার ও ৩ ছক্কায় ৯৯ বলে ৯২ রান করেন ইরফান।

Advertisement