চুয়াডাঙ্গায় গতি পাচ্ছে গ্রামীণ অর্থনীতি

 চুয়াডাঙ্গা প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে ‘উইকেয়ার’ প্রকল্প। বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এ প্রকল্পে আধুনিক অবকাঠামো ও গ্রোথ সেন্টার নির্মাণের মাধ্যমে চুয়াডাঙ্গায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে।
প্রকল্পের আওতায় জেলার সাতটি বাজার, ৯২ দশমিক ৭৭ কিলোমিটার সড়ক ও কালভার্ট পুনর্নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে জীবননগর উপজেলার সিডব্লিউ-১০ প্যাকেজের আওতায় সাড়ে ১৬ কিলোমিটার সড়ক, একটি সেতু, ৩৪টি কালভার্ট ও ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া গ্রোথ সেন্টারের আধুনিকায়ন শেষ হয়েছে। বিশেষ করে উথলী-আন্দুলবাড়ীয়া ও বাঁকা-আন্দুলবাড়ীয়া সড়ক দু’টি ১০ ফুট থেকে ১৮ ফুটে প্রশস্ত করায় যান চলাচল নিরাপদ হয়েছে।
অন্য দিকে আন্দুলবাড়ীয়া গ্রোথ সেন্টারে বর্জ্য থেকে সার তৈরির কম্পোস্ট প্ল্যান্ট, স্লটার হাউজ, সোলার লাইটিং ও ড্রেনেজ-ব্যবস্থা যুক্ত হওয়ায় ব্যবসাবাণিজ্যে এসেছে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা। এর সুফল পাচ্ছেন জীবননগরের প্রায় সাড় ১৬ হাজার কৃষকসহ দুই লাখ মানুষ। চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহীদুজ্জামান জানান, জীবননগরের এই সফল মডেল পর্যায়ক্রমে আলমডাঙ্গা, দামুড়হুদা ও সদর উপজেলাতেও সম্প্রসারণ করা হবে।

Advertisement