ইউক্রেনের উচিত নতুন প্রেসিডেন্ট বেছে নেয়া : ট্রাম্প
ইউক্রেনের উচিত নতুন প্রেসিডেন্ট বেছে নেয়া : ট্রাম্প।

 এএফপি
ডিজেল নিয়ে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় হয়েছে’।
শনিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারে হামলার অনুমতি দিয়ে যাওয়ার মাধ্যমে জেলেনস্কি ‘বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান’। তার উচিত ‘থেমে যাওয়া’। এরপর ট্রাম্প বলেন, ইউক্রেনের এমন একজন ‘নতুন নেতা পাওয়া উচিত, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন’। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা ইরানবিরোধী যুদ্ধের কারণে ডিজেলসহ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ওই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। সাধারণত বিশ্বের মোট তেলজাতীয় পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। অন্য দিকে জ্বালানির বড় উৎপাদক রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি পরস্পরের জ্বালানি অবকাঠামো ও পরিবহন স্থাপনায় হামলা জোরদার করেছে। এতে জ্বালানির বাজারে চাপ আরো বেড়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা বলেছিলাম, রাশিয়ার সাথে আপনারা যা খুশি করতে পারেন; কিন্তু তেল শোধনাগারে হামলা করবেন না। কারণ এর ফলে সারা বিশ্বে সমস্যা তৈরি হচ্ছে। তিনি অনেক চুক্তি করতে পারতেন; কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।’ পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্পের এই পদক্ষেপকে ‘প্রতীকী ও ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা প্রকৃত অর্থেই শান্তির দিকে মনোযোগী।

Advertisement