বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকি বাড়ছে
বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকি বাড়ছে । সংগৃহীত ছবি
ads

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রায় রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কা—এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে নানা ধরনের প্রাকৃতিক ও অর্থনৈতিক ঝুঁকি।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধরন বদলে যায়। মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে।

চলতি বছরের এল নিনো ডিসেম্বরের শেষ দিকে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছাতে পারে এবং আগামী বছরের মে মাস পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) আধুনিক রেকর্ডে এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা কিছুটা কমিয়ে এনেছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে খরা পরিস্থিতি
এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে যাওয়ায় ফিজি ও টোঙ্গায় তীব্র খরা দেখা দিয়েছে। সাধারণত এসব দ্বীপে নিয়মিত বৃষ্টিপাতের কারণে চারপাশ সবুজ ও সজীব থাকে। কিন্তু এবার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে।

ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা বলেছেন, ‘ফিজির বিভিন্ন এলাকার পরিবারগুলো পানির প্রাপ্যতা এবং দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন।’

পরিস্থিতি মোকাবেলায় জরুরি ব্যবস্থা নেয়ার ক্ষমতা পেয়েছে দেশটির সরকার। এর আওতায় পানির ব্যবহার সীমিত করা, প্রয়োজন হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং দুর্যোগ মোকাবেলায় সরকারি তহবিল পুনর্বণ্টন করা যাবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানির সঙ্কটে থাকা গ্রামগুলোতে নতুন করে পানি সরবরাহ করতে ইতোমধ্যে বিপুলসংখ্যক পানিবাহী ট্রাক পাঠানো হয়েছে।

সান ফ্রান্সিসকোতে প্রায় রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে বুধবার অস্বাভাবিক উচ্চতার জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। এতে শহরের বিভিন্ন এলাকা এবং বিমানবন্দর প্লাবিত হতে পারে। একই দিন থেকে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিও শুরু হচ্ছে।

এবারের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে কয়েকটি কারণে। বছরের সবচেয়ে উচ্চ জোয়ারের প্রাকৃতিক পরিস্থিতি, একটি আসন্ন ঝড় এবং এল নিনোর প্রভাব—সব মিলিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে প্রসারিত হচ্ছে। এর সাথে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপীয় প্রসারণ যুক্ত হয়ে জোয়ারের উচ্চতা আরো বাড়িয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ ডায়াল হোয়াং এএফপিকে বলেন, ‘বছরের এই সময় সূর্য, পৃথিবী ও চাঁদ কার্যত একই সরলরেখায় অবস্থান করে। এর ফলে বছরের সবচেয়ে উঁচু জোয়ার সৃষ্টি হয়।’

উপকূলীয় এলাকায় প্রায় ২ দশমিক ৭৫ ফুট বা ০ দশমিক ৮ মিটার পর্যন্ত পানি উঠে প্লাবনের আশঙ্কা রয়েছে। জোয়ারের উচ্চতা ১৯৮৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এর পরবর্তী অতি উচ্চ জোয়ার বা ‘কিং টাইডস’ দেখা যেতে পারে ডিসেম্বরের শেষ দিকে এবং আগামী জানুয়ারির শেষ দিকে।

তীব্র এল নিনো বাড়াতে পারে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
এল নিনোর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে খাদ্যপণ্য ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেনারেলি অ্যাসেট ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ পাওলো জাংঘিয়েরি এএফপিকে বলেন, ‘সাধারণভাবে বলতে গেলে, এটি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক ধাক্কা।’

কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং জলবিদ্যুৎ উৎপাদন—এই তিনটি খাত সবচেয়ে দ্রুত এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

অক্সফোর্ড ইকোনমিকসের হিসাব অনুযায়ী, বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী এল নিনো যদি অত্যন্ত শক্তিশালী হয়, তাহলে আগামী বছর বিশ্বের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ০ দশমিক ৬ শতাংশ কমে যেতে পারে। ২০২৮ সালে তা আরো ০ দশমিক ৮ শতাংশ কমার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীরা কী বলছেন?
যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, এল নিনো ক্রমেই শক্তিশালী হচ্ছে। তবে এবার এটি অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে—এমন সম্ভাবনা আগের তুলনায় কিছুটা কমেছে।

এনওএএর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর অথবা নভেম্বর-জানুয়ারি সময়ে রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনো দেখা দেয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। এর আগে এই সম্ভাবনা যথাক্রমে ৮৩ শতাংশ ও ৭০ শতাংশ বলে ধারণা করা হয়েছিল।

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরো ভালোভাবে বিবেচনায় নিতে এনওএএ এখন ‘রিলেটিভ ওশানিক নিনো ইনডেক্স’ নামে একটি সূচক ব্যবহার করছে।

এই সূচকে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের ‘নিনো ৩.৪’ নামে পরিচিত একটি নির্দিষ্ট এলাকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন পরিমাপ করা হয়। পাশাপাশি পুরো নিরক্ষীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রার পরিবর্তনও হিসাবের মধ্যে রাখা হয়।

নতুন পদ্ধতিতে পাওয়া তাপমাত্রার পরিসংখ্যান প্রচলিত ‘ওশানিক নিনো ইনডেক্স’-এর তুলনায় কিছুটা কম। তবে এল নিনোর কারণে সমুদ্র ও বায়ুমণ্ডলের মধ্যে যে পরিবর্তন ঘটে এবং বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর যে প্রভাব পড়ে, তা বুঝতে নতুন সূচকটি তুলনামূলকভাবে বেশি কার্যকর।

বিমা খাতে এল নিনোর প্রভাব কী?
বিমা প্রতিষ্ঠান অ্যালিয়াঞ্জের এক গবেষণায় বলা হয়েছে, এল নিনো সব অঞ্চলে একইভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ায় না। বরং এটি বিভিন্ন অঞ্চলে দুর্যোগের ধরন ও ঝুঁকির চিত্র বদলে দেয়। 

গবেষণায় আরো বলা হয়েছে, উত্তর গোলার্ধের অনেক দেশ এ পরিস্থিতিতে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।

পুনর্বিমা প্রতিষ্ঠান স্করের প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি লেগার এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় যে পরিবর্তনটি আমরা দেখেছি, তা হলো ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের অনুপস্থিতি।’

অ্যালিয়াঞ্জের প্রতিবেদন অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় কম হলে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি এবং বিমা কোম্পানিগুলোর ক্ষতিপূরণ দেয়ার পরিমাণ কমে যায়। একইসাথে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে তেল, গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও কমে আসে।

অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলো এল নিনোর প্রভাবে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ এসব দেশের অনেকেরই প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত বিমা সুরক্ষা নেই।

সূত্র : বাসস