
আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন, এদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের সঠিক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এর আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।
রিজভী বলেন, আবারো রক্তের নেশায় মত্ত হয়েছেন শেখ হাসিনা। লুটের টাকায় কিশোর গ্যাংকে দিয়ে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড করছে তারা। শেখ হাসিনার কথিত ফেরাকে নিয়ে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীল নকশা বুনছে।
আওয়ামী লীগ খুন গুম হত্যা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, মুক্তিযুদ্ধ কি ছিল পিন্ডির কাছে বের হয়ে এসে দিল্লির দাসত্ব করা? মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবার পাকিস্তানের ভাতা খেয়েছে। মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই। পাকিস্তানের ক্ষমতার জন্য একের পর এক বৈঠক করেছিলেন শেখ মুজিব।
তিনি বলেন, বাবার তৈরি করার বাকশাল পুনর্জীবিত করেছিল শেখ হাসিনা। বাবার পথ অনুসরণ করেই শেখ হাসিনা গুম খুন শুরু করেছিলেন।
সমাবেশে শেষে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









