
বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করে আমিজা খাতুন (৪৬) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে যায় তারা।
মঙ্গলবার সকালে নিজ ঘরের বিছানা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিজা খাতুন মোকামতলা উপজেলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মরহুম জিন্না মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিজা শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার কোনো সন্তান নেই। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশেই এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন।
সূত্রে আরো জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার টিনের ঘরের পশ্চিম পাশের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। আজ সকাল ১০টা পার হলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে ঘরের পশ্চিম পাশে সিঁধ কাটা অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর আমিজার লাশ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেয়া ছিল। খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে আমিজার নাক ও কান থেকে গয়না খুলে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
তিনি আরো বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









