সহকারী শিক্ষকের ১১৪ পদ খালি ৩ এটিও দিয়ে চলছে তদারকি

 আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)
প্রধান শিক্ষক নেই, নেই পর্যাপ্ত সহকারী শিক্ষকও। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাঁধেই পড়েছে বিদ্যালয় পরিচালনা ও শ্রেণিকক্ষে পাঠদানের দ্বৈত দায়িত্ব। তীব্র জনবলসঙ্কটের এমন চিত্র ময়মনসিংহের ভালুকা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। উপজেলার ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০টিতেই প্রধান শিক্ষকের পদ খালি। পাশাপাশি সহকারী শিক্ষকের ১১৪টি পদও দীর্ঘ দিন ধরে শূন্য। এতে পাঠদানের পাশাপাশি দাফতরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ভালুকার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে ২৫ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের পাঠদানের জন্য সহকারী শিক্ষকের অনুমোদিত পদ এক হাজার ৭১টি। তবে কর্মরত আছেন ৯৫৭ জন। ঘাটতি রয়েছে ১১৪ জন শিক্ষকের। এদিকে প্রধান শিক্ষকের ১১০টি পদ খালি থাকায় জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। ফলে এক শিক্ষককে একই সাথে প্রশাসনিক কাজ সামলানো ও ক্লাসে পাঠদান করতে হচ্ছে।
সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষকের কাজ কেবল প্রশাসনিক নয়। শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ, দাফতরিক কাজ, বিভিন্ন সভা ও নথিপত্র প্রস্তুতসহ সার্বিক ব্যবস্থাপনা তাকে সামলাতে হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এসব কাজের পাশাপাশি নিয়মিত ক্লাস নিতে গিয়ে মারাত্মক চাপে পড়তে হচ্ছে। একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দীর্ঘ দিন এভাবে কাজ চালানো অসম্ভব। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ বা পদায়ন জরুরি।
ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জনবলসঙ্কটের কারণে স্বাভাবিক কাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। ১১০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এবং তিনজন এটিও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অফিস সহায়কের পদটিও খালি। তবে নতুন নিয়োগ ও পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে এই সঙ্কট অনেকটাই কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Advertisement