
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপি পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাসহ মোট ৫২৮ জনকে গ্রেফতার এবং চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ।
মিরপুরে গোপন বৈঠক করার সময় রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো: মারুফ হোসেন মিঠুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দু’জন হলেন- মো: আবু ইউসুফ ও ছগির মাহমুদ। অন্যদিকে, তুরাগে বিশেষ অভিযান চালিয়ে খুলনা ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
এ দিকে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেয়ার সময় এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াস রয়েছেন। গতকাল তাদের আটক করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
টাকা আত্মসাতে তরুণী গ্রেফতার
নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা আত্মসাতের অভিযোগে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামে এক তরুণীকে উত্তরা থেকে গ্রেফতার করেছে সিআইডি। এ মামলায় পূর্বে আরো ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল।
বিশেষ অভিযানে গ্রেফতার ৫২৩
রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫২৩ জনকে গ্রেফতার এবং ৪০টি মামলা রুজু করা হয়েছে। বিভাগওয়ারী গ্রেফতারের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯০ জন, মতিঝিলে ৮২, তেজগাঁওয়ে ৭৯, ওয়ারীতে ৭৫, লালবাগে ৫৯, গুলশানে ৪৭, উত্তরায় ৪৩, রমনায় ৩৬, ডিবিতে ১১ এবং সিটিটিসিতে একজন। অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, এক হাজার ৪৪২ পিস ইয়াবাসহ অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








