অনুশীলনে নির্ভার নারী ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দল গতকাল বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট উজবেকিস্তান ফুটবল অ্যাকাডেমি ট্রেনিং সেন্টারের ৩ নম্বর পিচে তাদের চতুর্থ অনুশীলন সেশন সম্পন্ন করেছে। দলের সব খেলোয়াড় সুস্থ আছেন এবং তাসখন্দের স্থানীয় আবহাওয়ার সাথে ভালোভাবে মানিয়ে নিচ্ছেন।
গতকাল সেশনে ওয়ার্ম-আপ, রানিং, বল পজেশন দখলে রাখার অনুশীলন এবং  ছোট পরিসরের ম্যাচ এর ওপর গুরুত্ব দেয়া হয়। উদ্বোধনী ম্যাচের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তোলার লক্ষ্যে পুরো সেশনজুড়ে খেলোয়াড়রা দারুণ উদ্দীপনা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। 
এ দিকে, দোস্তলিক স্টেডিয়ামের ঘাসের অবস্থার কারণে এএফসি টুর্নামেন্টের ম্যাচগুলো স্টেডিয়ামের কাছেই অবস্থিত দোস্তলিক স্পোর্ট কমপ্লেক্সের ১ নম্বর পিচে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দল আজ বিকেলে উজবেকিস্তান ফুটবল অ্যাকাডেমি ট্রেনিং সেন্টারে আরো একটি অনুশীলন সেশন করবে। 
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের ‘গ্রুপ এইচ’-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আগামীকাল তারিখে উজবেকিস্তানের মুখোমুখি হবে।

Advertisement