সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা হচ্ছে : ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

Advertisement

সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা হচ্ছে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এ বি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, সাইবার আইনে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক ভিন্নমত দমনের চেষ্টা মেনে নেয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক সমালোচনা, সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা কিংবা মতপ্রকাশের কারণে কাউকে সাইবার অপরাধী বানানোর কোনো সুযোগ রাখা যাবে না।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন : নিরাপত্তা বনাম হেনস্তা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ বি পার্টি ল’ ইয়ার্স এ সভার আয়োজন করে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘সালমানকে সাইজ করার টুল হাতে নেই, তাই এসব সাইবার আইন করার উদ্যোগ নেয়া হচ্ছে’ এমন ধারণা যেন মানুষের মধ্যে তৈরি না হয়। সাধারণ নাগরিকরা বিএনপির সমালোচনা করতে পারবেন কি না, সন্ত্রাসকে সন্ত্রাস বললে তাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ হবে কি না- এমন প্রশ্ন তোলেন তিনি।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে গৃহিণী থেকে শুরু করে শিক্ষার্থী ও শিক্ষক পর্যন্ত অনেককে গ্রেফতার হতে হয়েছে। গাজীপুরে এক শিক্ষার্থীকে কথিত ‘ভুতুড়ে বিল’ নিয়ে বক্তব্য দেয়ার কারণেও গ্রেফতার করা হয়েছে। 
ফুয়াদ বলেন, আগের সরকার (আওয়ামী লীগ) ডিজিটাল আইন নিয়ে যে ভুল করেছিল, বর্তমান সরকার যেন ওই একই পথে না হাঁটে। অন্তর্বর্তী সরকারের প্রণীত সাইবার অধ্যাদেশে যেসব ইতিবাচক বিষয় ছিল, সেগুলো বাদ দিয়ে কেন আবার এই আইনটি কাটাছেঁড়া করা হচ্ছে, সরকারকে তা ব্যাখ্যা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন এ বি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া। সঞ্চালনা করেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।