চট্টগ্রামের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা বিষয়ক সম্মেলন

 

Advertisement

বন্দরনগরী চট্টগ্রামে চিকিৎসা পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতের আমূল পরিবর্তন এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর দ্য পেনিনসুলা চট্টগ্রামে আগের বছরের ধারাবাহিকতায় আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রামের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা বিষয়ক সম্মেলন ‘মেডিক্যাল ভ্যালু ট্রাভেল-এমভিটি সামিট ২০২৬’।
এই সামিটের সার্বিক গুরুত্ব, বিস্তারিত কর্মপরিকল্পনা এবং মূল রূপরেখা গণমাধ্যমকর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নগরীর জিইসি মোড়ে অবস্থিত ‘দ্য প্যাভিলিয়ন’ রেস্টুরেন্টে দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক, সহসভাপতি নুরুল আনোয়ার জীবন এবং সহসভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) দাউদ আরমান।
সিএমটিএফের  উদ্যোগে আয়োজিত এই মেগা সামিটের মূল লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর করা, পেশাগত দক্ষতা বিনিময় এবং আন্তর্জাতিক হাসপাতাল ও বিশেষজ্ঞদের সাথে আঞ্চলিক স্বাস্থ্য খাতের মেলবন্ধন ঘটানো।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতি বছর বিপুল সংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিভিন্ন কেন্দ্রে গমন করেন। এই সামিটের মাধ্যমে দেশী-বিদেশী প্রখ্যাত হাসপাতাল, চিকিৎসক ও বিশেষজ্ঞ সংগঠনগুলোর সাথে সরাসরি যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হবে। ফলে স্থানীয় চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য আন্তর্জাতিকমানের সেবা প্রাপ্তি আরো সহজ ও স্বচ্ছ হবে।
আয়োজকরা আরো জানান, ১৪ নভেম্বরের এমভিটি সামিটে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রখ্যাত হাসপাতালের প্রতিনিধি, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও চিকিৎসা বিশেষজ্ঞরা অংশ নেবেন। সামিটে বিটুবি মিটিং, প্যানেল আলোচনা এবং স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে, যা চট্টগ্রামের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পর্যটন খাতে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।