দেবিদ্বারে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে সংঘর্ষে নিহত ১

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Advertisement

কুমিল্লার দেবিদ্বারে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে দুই পরে সংঘর্ষে সফিকুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন চাচাতো ভাই লিমনকে আটক করেছে পুলিশ।
গতকাল বিকেলে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এলু মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাজ উদ্দিনের ছেলে। দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লিমনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সফিকুল ইসলাম দিনমজুরের পাশাপাশি বাঁশ-বেতের কাজ করতেন। বাঁশ দিয়ে বেড়া তৈরি করে জীবিকানির্বাহ করতেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের ঝাড় থেকে বাঁশ কাটতে গেলে চাচাতো ভাই লিমন (৪৭) ও লিমনের বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ (২৬) তাকে বাধা দেন।
এ সময় সফিকুল নিজের ঝাড় থেকেই বাঁশ কাটছেন বলে দাবি করলে প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে দা, ছুরি ও হাতুড়ি নিয়ে সফিকুলের ওপর হামলা করা হয় বলে স্থানীয়রা জানান। এ সময় নিশাদ হাতুড়ি দিয়ে তাকে আঘাত এবং দা দিয়ে কোপান। পরে লিমন ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। এতে সফিকুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পরে বিরোধে সফিক নামে এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লিমন নামে একজনকে আটক করা হয়েছে।