
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ এখনো কাটেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তার চাই পুলিৎজার পুরস্কারও। একাধিক যুদ্ধ থামিয়েছেন বলে বারবার দাবি করেন তিনি। অথচ নোবেল পাননি। এবার দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে সেই আক্ষেপের কথাই আবারো তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন, লেখালেখির জন্যও তার পুলিৎজার পুরস্কার পাওয়া উচিত ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ খবর জানায়। রাশিয়া নিয়ে তদন্তমূলক প্রতিবেদন লিখে পুলিৎজার পাওয়া সাংবাদিকদেরও একহাত নেন ট্রাম্প। তার দাবি, ওই সাংবাদিকদের পুরস্কার পাওয়াই উচিত হয়নি।
‘আমি নোবেল পুরস্কার পাইনি। পুলিৎজারও পাইনি। লেখালেখির জন্য আমার পুলিৎজার পুরস্কারও পাওয়া উচিত ছিল’, বলেন তিনি।
যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা, সাহিত্য, নাটক ও সংগীতের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পুলিৎজার পুরস্কার দেয়া হয়। তবে নিজের কোন লেখা বা বইয়ের জন্য এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করেন ট্রাম্প, তা স্পষ্ট করেননি তিনি।
রাশিয়া নিয়ে পুরস্কারজয়ী সাংবাদিকদের কাজের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘যারা পুরস্কার পেয়েছে, তাদের সেটা পাওয়া উচিত হয়নি। রাশিয়া, রাশিয়া, রাশিয়া নিয়ে তাদের নির্ভুল ও চমৎকার লেখার জন্য পুলিৎজার দেয়া হয়েছিল। কিন্তু তারা ভুল লিখেছিল। তাদের সবাই ভুল ছিল।’
এরপর আবারো নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রসঙ্গ তোলেন তিনি।
সমাবেশে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলোর কথাও তুলে ধরেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে ওষুধের দাম কমানোর উদ্যোগ। মেয়াদের বাকি সময়ে মৃত্যুদণ্ডের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
ট্রাম্পের লেখালেখি
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নানা মন্তব্য ও লেখালেখির বাইরে ট্রাম্পের নামে প্রায় ২০টি বই প্রকাশিত হয়েছে বলে জানা যায়। ব্যবসা, কৌশল ও রাজনীতি নিয়ে লেখা এসব বইয়ের অনেকগুলোতেই সহলেখক ও ছায়ালেখকরা কাজ করেছেন।
রাজনীতিতে আসারও আগে, ১৯৮৭ সালে নিজের নামে প্রথম বই প্রকাশ করেন ট্রাম্প। ‘দ্য আর্ট অব দ্য ডিল’ নামের বইটি লিখেছিলেন ছায়ালেখক টনি শোয়ার্টজ।
বই লেখার জন্য ছায়ালেখক ও সহলেখকদের সাহায্য নেয়া ট্রাম্পের পুরোনো অভ্যাস। তার নামে প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে আত্মোন্নয়ন, ব্যক্তিগত অর্থব্যবস্থা, রাজনৈতিক নীতিমালা ও আত্মজীবনীমূলক রচনা।
তবে লেখালেখির জন্য পুলিৎজার পাওয়ার দাবি তুললেও কোন বই বা লেখার জন্য তিনি এই পুরস্কার চান, তা জানাননি ট্রাম্প।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








