রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের এক বিশেষ দূতের বৈঠক এবং আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়ার পর মস্কো বুধবার জানিয়েছে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাথে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে তারা প্রস্তুত। 

Advertisement

তবে যুদ্ধের অবসানে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসানের ক্ষেত্রে এ পর্যন্ত সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে পক্ষগুলো। 

অন্যদিকে, মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়ায় পুতিনকে ‘মানবিক’ বলে প্রশংসা করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। 

তবে সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাথে উইটকফের বৈঠকের পর ক্রেমলিন বলেছে, মার্কিন কূটনীতিকের কাছে আনা ইউক্রেন ও ইউরোপের শান্তি প্রস্তাবগুলোতে উল্লেখযোগ্য কোনো ‘সারবস্তু’ নেই।

সেন্ট পিটার্সবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক শেষে রাশিয়ায় যান উইটকফ। জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে তীব্র মতবিরোধ কমিয়ে আনাই ছিল ওই বৈঠকের লক্ষ্য।

পুতিনের সাথে আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ এএফপিসহ সাংবাদিকদের বলেন, নীতিগতভাবে রাশিয়া নভেম্বরের মাঝামাঝি সময়ে ত্রিপক্ষীয় আলোচনা আবারো শুরু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের পর এ আলোচনা শুরু হতে পারে। ক্রেমলিন চায়, আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাক।

উশাকভ বলেন, অসলো বৈঠকে ইউরোপীয় দেশগুলো ও কিয়েভের দৃষ্টিভঙ্গিতে আসা ‘কিছু নতুন দিক’ সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন উইটকফ। 

তবে তিনি যোগ করেন, এসব প্রস্তাবে ‘প্রকৃত অর্থে তেমন কোনো সারবস্তু ছিল না’।

উশাকভ আরো জানান, আগামী মাসে চীনের শেনজেনে পুতিন, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অংশগ্রহণে একটি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। তিনি একে ‘ইতিহাসে এ ধরনের প্রথম বৈঠক’ বলে অভিহিত করেন।

‘এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি’ তিন ঘণ্টার বৈঠকে ট্রাম্পের অনুরোধে হাবার্ডকে মুক্তি দেয়ায় পুতিনের প্রশংসা করেন উইটকফ। 

সত্তরের কোঠায় বয়সী অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক হাবার্ড বরাবরই ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নেয়া একজন ‘ভাড়াটে যোদ্ধা’ হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

উইটকফ পুতিনকে বলেন, ‘আপনারা আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পকে মানবিক বলে অনেক কথা বলেন। আপনিও একজন মানবিক মানুষ, মহাশয়। এ জন্য আমি আপনাকে অভিবাদন জানাই।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উইটকফ জানান, পুতিনের সাথে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে। 

তবে ‘এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে’ বলেও তিনি উল্লেখ করেন। 

যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৌশলগত পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আপনারা যদি ওই নিষেধাজ্ঞাগুলো আরোপ করতেন, তাহলে তার কথা ভুলে যেতে হতো। তাকে আর কখনো দেখতে পেতেন না।’

রুশ হামলায় নিহত চারজন 

শীত আসার আগে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার অব্যাহত হামলার মধ্যেই পুতিনের সাথে উইটকফের নবম বৈঠক অনুষ্ঠিত হলো।

কিয়েভ জানিয়েছে, রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানী কিয়েভে দু’জন ও পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এক বয়স্ক দম্পতি রয়েছেন।

এদিকে, লুহানস্ক অঞ্চলের রুশ দখলদার কর্তৃপক্ষ জানিয়েছে, একটি টেলিফোন কোম্পানির ওপর ইউক্রেনের ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, কিয়েভ ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরু করার পক্ষে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন পক্ষ যত দ্রুত সম্ভব এ বৈঠকের আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরা এর পক্ষে।’ 

মঙ্গলবার উইটকফ ও জেলেনস্কির বৈঠকটি ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে কয়েক দিনের টানাপোড়েনের পর অনুষ্ঠিত হয়।

এর আগে, ট্রাম্প ইউক্রেনের নেতাকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

অসলোতে জেলেনস্কির সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনায় ‘কিছুটা গতি’ এসেছে বলে পুতিনকে জানান উইটকফ। রাশিয়ার সাথে ডিজেল বিক্রির সমঝোতার জন্যও ওয়াশিংটনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সমঝোতা কিয়েভ ও ইউরোপজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ভোক্তাদের জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা হিসেবে এ সমঝোতাকে দেখা হচ্ছে। ওই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারে। বাসস