সিলেটে ‘বিশ্ব হার্ট দিবস’ পালিত

সিলেট ব্যুরো
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ বর্তমানে অনেকটা এগিয়ে গেছে এবং দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা মিলছে উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাধারণ ও নি¤œবিত্ত মানুষের কাছে এই বিশেষায়িত চিকিৎসাসেবা আরো সহজলভ্য করা এখন সময়ের দাবি।
গতকাল ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল- ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাভাবিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে সমাজে হৃদরোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি চিকিৎসা নির্ভরতার পাশাপাশি হৃদবান্ধব জীবনযাপন, নিয়মিত ব্যায়াম এবং ধূমপান পরিহারের ওপর বিশেষ গুরুত্ব দেন।
বক্তব্যে তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠায় জাতীয় অধ্যাপক মরহুম ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিকের অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Advertisement