ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক : এরদোগান
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক : এরদোগান।

আনাদোলু
ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের অবিচল সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি স্পষ্ট জানিয়েছেন, আঞ্চলিক সঙ্কট নিরসন এবং ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা থেকে তুরস্ক কখনোই পিছু হটবে না। সোমবার রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 
এরদোগান জানান, ২০ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে জাতিসঙ্ঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নেন। ‘বিশ্বাস পুনর্গঠন ও বৈশ্বিক সংহতি পুনরুজ্জীবিত করা’ প্রতিপাদ্যে আয়োজিত এই অধিবেশনে তিনি দ্বিতীয় দিনে ১৬তম বারের মতো ভাষণ দেন। ভাষণে তিনি একটি অধিকতর ন্যায্য বৈশ্বিক ব্যবস্থার আহ্বান জানান এবং অঞ্চলটির বিভিন্ন সঙ্কট, বিশেষ করে গাজা ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক আগ্রাসন নিয়ে তুরস্কের অবস্থান তুলে ধরেন।
আঙ্কারায় ব্রিফিংকালে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সাহসের সাথে ন্যায়ের পক্ষে কথা বলা এবং সত্য তুলে ধরা অব্যাহত রাখব।’ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে বৃহত্তর ন্যায্যতা, শক্তিশালী প্রতিনিধিত্ব, আস্থা ও সমৃদ্ধির ভিত্তিতে একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা রূপরেখা তুলে ধরেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
ভাষণে এরদোগান গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান সংশ্লিষ্ট উত্তেজনা নিরসনে তুরস্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস তুরস্কের আন্তর্জাতিক অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। ভিসা নিষেধাজ্ঞার কারণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবারের অধিবেশনে সশরীরে অংশ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে এরদোগান বলেন, ‘যাদের বক্তব্য রক্তের গন্ধে ভরা সেই যুদ্ধাপরাধীরা যখন মিথ্যা ছড়ানোর জন্য জাতিসঙ্ঘের মঞ্চে জায়গা পায়, তখন প্রেসিডেন্ট আব্বাসের উপস্থিত হতে না পারা মানবতার জন্য চরম লজ্জাজনক পরিস্থিতি।’
সঙ্ঘাতের শিকার ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমি আবারো বলতে চাই, এই অবিচার মানবতার বিবেককে ক্ষতবিক্ষত করে। সেদিন আমরা শুধু আমাদের জাতির পক্ষেই নয় বরং নির্যাতিত ফিলিস্তিনি ও নিরীহ লেবানিজদের পক্ষেও সেখানে কথা বলেছি। আমরা এই অবস্থান থেকে পিছপা হবো না।’

Advertisement