
আলজাজিরা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরিচালিত ‘যুদ্ধাপরাধের’ মূল পরিকল্পনাকারীদের বিচার করবে ইরান এবং এই বিচার নিশ্চিতের দাবি থেকে তেহরান কখনো সরবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত সোমবার জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।
বৈঠকে আরাকচি গুতেরেসকে বলেন, ‘ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও সিয়নবাদী সরকারের যুদ্ধাপরাধের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহিতা, শাস্তি প্রদান এবং ন্যায়বিচার দাবির অবস্থান থেকে কখনোই সরে দাঁড়াবে না।’ জাতিসঙ্ঘের মহাসচিব গুতেরেস উভয়পক্ষকেই সঙ্ঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তবে জবাবে আরাগচি মন্তব্য করেন, বিগত এক দশকে যুক্তরাষ্ট্র বারবার কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিমান চলাচল খাতের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা পরও তেহরান বিমানবন্দর থেকে এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলছে বলে জানা গেছে।









