আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।


শরিয়াহ্সম্মত আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী ২২৬টি শাখা ও ৮৯টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশজুড়ে শাখা-উপশাখার কর্মকর্তা ও গ্রাহকরা ভার্চুয়ালি যুক্ত হন। 
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বদিউর রহমান গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শরিয়াহ্ভিত্তিক মূল্যবোধ ধারণ করে ব্যাংকটিকে আরো আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা হবে। নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর গুরুত্বারোপ করেন। ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান আধুনিক প্রযুক্তি, রিটেইল, এসএমই ও রেমিট্যান্স সেবার পরিধি বাড়িয়ে দেশসেরা ব্যাংক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বর্তমানে ৪২ লাখ গ্রাহকের সাড়ে ৫৪ হাজার কোটি টাকার আমানত সমৃদ্ধ এ ব্যাংকটি ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা, ৭৩৮টি এজেন্ট আউটলেট, ২৫৪টি এটিএম/সিআরএম এবং আধুনিক ডিজিটাল অ্যাপের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্তৃপক্ষ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সব স্টেকহোল্ডারের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে। বিজ্ঞপ্তি।