
যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএনের প্রধান আন্তর্জাতিক অ্যাঙ্কর ক্রিশ্চিয়ান আমানপুর প্রতিষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ৪৩ বছরের সম্পর্ক শেষে আগামী বছরের জুনে তিনি আনুষ্ঠানিকভাবে নেটওয়ার্কটি থেকে বিদায় নেবেন।
তুর্কি বার্তা সংস্থা আনদোলু জানায়, সোমবার দেয়া এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, 'কয়েক মাসের চিন্তাভাবনা ও কয়েকটি ঘুমহীন রাতের পর আমি আমার ৪৩ বছরের চমৎকার সঙ্গী সিএনএন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।' তবে ২০২৭ সালের জুন পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে রিপোর্টিং ও সফর অব্যাহত রাখবেন। পাশাপাশি নতুন কিছু প্রকল্পে কাজের আশা প্রকাশ করেন তিনি।
সিএনএন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে তার আন্তর্জাতিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটি সপ্তাহে একদিন সম্প্রচার করা হবে। পরে মে মাসে অনুষ্ঠানটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
দীর্ঘ আন্তর্জাতিক সাংবাদিক জীবনে আমানপুর উপসাগরীয় যুদ্ধ, বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের সঙ্কটের মতো বিশ্বজুড়ে ঘটে যাওয়া বড় বড় সংঘাত কাভার করেছেন। নিজের পেশাগত দর্শনের কথা উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, 'মনে রাখবেন: সবসময় সত্যের পক্ষে থাকবেন, নিরপেক্ষ নয়।'
সিএনএনের পাশাপাশি মার্কিন পাবলিক ব্রডকাস্টার পিবিএসে প্রচারিত তার 'আমানপুর অ্যান্ড কোম্পানি' অনুষ্ঠানটি চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তবে প্রাক্তন স্বামী জেমি রুবিনের সাথে যৌথভাবে উপস্থাপিত পডকাস্ট 'দ্য এক্স ফাইলস' অব্যাহত রাখবেন তিনি।
আমানপুরের বিদায় ঘোষণায় সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন তাকে 'বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিক' হিসেবে আখ্যা দেন। দীর্ঘ কয়েক দশকের সাংবাদিকতার জন্য তিনি আমানপুরকে ধন্যবাদ জানান।
সম্প্রতি স্কাইড্যান্স নামে এক মিডিয়া জায়ান্টের অধীনে নতুন মালিকানায় যুক্ত হচ্ছে সিএনএন। একীভূতকরণের এই চুক্তির ফলে সিবিএস ও এর সংবাদ বিভাগ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স এবং প্যারামাউন্টের সাথে একই ছাদের নিচে আসছে নেটওয়ার্কটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








