
নিজস্ব প্রতিবেদক
অবশেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন হতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত মঙ্গলবার আপিল বিভাগ আগামী ৮ অক্টোবর অথবা এর আগেই রেড ক্রিসেন্টের পূর্বনির্ধারিত নির্বাচন করার আদেশ দেন।
গত ১৭ সেপ্টেম্বর রেড ক্রিসেন্টের অর্ডিনারি জেনারেল মিটিং (ওজিএম) ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সে অনুযায়ী কাজ শুরু করে। কিন্তু রহস্যজনক কারণে কোনো ব্যাখ্যা দেয়া ছাড়াই হঠাৎ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গঠিত নির্বাচন কমিশন ও ঘোষিত নির্বাচন বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে একটি সুপ্রিম কোর্ট বিভাগের রিট আদেন করে বলে বর্তমান ব্যবস্থাপনা কমিটিতে দায়িত্ব পালন করছেন এমন একজন সদস্য নয়া দিগন্ত জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য নয়া দিগন্তকে বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত সেবামূলক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চলতি বছরের গত ২০ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় সোসাইটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও ট্রেজারারসহ ১৪ জনের ব্যবস্থাপনা পরিষদের অ্যাডহক কমিটির একটি প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একমাত্র আইন ‘প্রেসিডেন্ট অর্ডার (পিও-২৬)’ অনুযায়ী প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী তিন মাসের মধ্যে ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন শেষ করার নিয়ম। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সোসাইটির চেয়ারম্যানের নেতৃত্বে ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম ব্যবস্থাপনা পরিষদ সভায় গত ১৭ সেপ্টেম্বর সোসাইটির অর্ডিনারি জেনারেল মিটিং (ওজিএম) ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একই উদ্দেশ্যে গঠিত নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর গত ২৮ আগস্ট বিডিআরসিএসের ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে সংবাদপত্রে এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। পরে অপর একটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের আংশিক সংশোধন করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।
খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এটি বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করা হয়। পরে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ও তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম বিক্রি হয়।
ওই সদস্য জানান, জমাকৃত মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর হঠাৎ করে গত ১০ সেপ্টেম্বর সোসাইটির চেয়ারম্যান তার একক সিদ্ধান্তে প্রেসিডেন্ট অর্ডার আইনবহির্ভূত বিডিআরসিএস ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন কমিশন ২০২৬, ওজিএম ও নির্বাচন বাতিল করেন। রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমানের চেয়ারম্যানের নির্বাচন বাতিল করার আদেশ প্রেসিডেন্ট অর্ডার আইনবহির্ভূত হওয়ায় চিঠি দু’টির বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট ওই দু’টি চিঠির কার্যকারিতা আগামী তিন মাসের স্থগিতাদেশ দেন।
হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সোসাইটির মহাসচিব বিডিআরসিএস ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন কমিশন পুনঃবহাল করে নির্বাচন কমিশন বরাবর চিঠি প্রদান করলেও হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ গত মঙ্গলবার আগামী ৮ অক্টোবরের মধ্যে অথবা এর আগেই পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্টকে নির্দেশ দেন।








