জার্মানিতে মার্কিন এফ-১৬ বিধ্বস্ত

 রয়টার্স
পশ্চিম জার্মানির স্পাংডাহলেমে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে গত মঙ্গলবার একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। তবে বিমানটিতে থাকা পাইলট জরুরি মুহূর্তে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং পরবর্তীতে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মার্কিন সামরিক কর্তৃপক্ষের প্রদত্ত তথ্যমতে, চারটি এফ-১৬ যুদ্ধবিমানের একটি বহর তাদের নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইট সম্পূর্ণ করে স্পাংডাহলেম ঘাঁটিতে প্রত্যাবর্তনের সময় এই অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বিমানটি ওই বহরেরই অংশ ছিল। এ সময় বহরের অন্য তিনটি বিমান পথ পরিবর্তন করে নিরাপদ দূরত্বে থাকা রামস্টাইন বিমানঘাঁটিতে অবতরণ করে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের তৎপরতা শুরু করেছে। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়েছে, তা উদ্ঘাটনে সামরিক বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া চালু করা হয়েছে।