সংক্ষিপ্ত হচ্ছে নেতানিয়াহুর মার্কিন সফর

ইয়েদিওথ আহরোনোথ
আসন্ন মার্কিন সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী রাষ্ট্রীয় বিমান ‘উইং অব জায়ন’ নিউ ইয়র্কের বিখ্যাত জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে না। আজ বৃহস্পতিবার নেতানিয়াহুর পৌঁছানোর কথা থাকলেও বিমানটি বিকল্প হিসেবে নিউজার্সির কোনো সামরিক ঘাঁটি বা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হতে পারে।
এই আকস্মিক সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির অবস্থান এবং প্রশাসনিক সমন্বয়হীনতার ভয়। গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মেয়র মামদানি ইতঃপূর্বে ঘোষণা দিয়েছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতারের আইনি পদক্ষেপ নেয়া হবে। এ ছাড়া, নিউ ইয়র্ক বিমানবন্দরে ইসরাইলি ভিভিআইপি বিমানটি দীর্ঘ সময় পার্ক করে রাখা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়র মামদানি তড়িঘড়ি করে বিমানটিকে রানওয়ে ছাড়ার নির্দেশ দিতে পারেন, যা এড়াতেই এই বিকল্প রুটের সিদ্ধান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বলা হয়, নিউ ইয়র্কে পৌঁছানোর পর ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের জোরালো আশঙ্কা থাকায় ইসরাইলি প্রধানমন্ত্রী সফরসূচি নাটকীয়ভাবে ছোট করে এনেছেন। সম্ভাব্য অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে তিনি নিউ ইয়র্কে রাতে অবস্থান না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। একইসাথে নিউ ইয়র্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সাথে তার পূর্বনির্ধারিত একটি হাই-প্রোফাইল বৈঠকও বাতিল ঘোষণা করা হয়েছে।