হাম উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১১ শিশুর

 নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছে ছয়জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে দু’জন এবং সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৭০ জন। এর মধ্যে এক হাজার ১৫৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৮ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১০২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৭৫ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২০ হাজার ৮৫১ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ চার হাজার ৩০০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬২ হাজার ৪৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৫৫ হাজার ৬১২ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭৩, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৭৯, খুলনায় ৪২ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
সিলেটে আরো ১ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামে ফের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আয়শা (৫ মাস) সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হামরোগী শনাক্ত হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।