
ঢাকা জেলা প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল অগ্রাধিকার। বিগত দিনগুলোতে অবকাঠামোগত উন্নয়নের অভাবে কেরানীগঞ্জের রাস্তাঘাট ও ড্রেনেজ-ব্যবস্থার যে চরম বেহাল দশা সৃষ্টি হয়েছিল, আমরা তা দ্রুত সমাধানে পদক্ষেপ নিয়েছি। শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রাস্তার নির্মাণকাজ শেষ হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হবে। টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির ঠাঁই হবে না।
গতকাল কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগে। রাতারাতি কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এমনকি প্রশাসনের ওপরও নানা ধরনের চাপ ও হুমকি আসতে পারে। তাই এসব সমস্যা মোকাবেলায় ধৈর্য, সতর্কতা ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
পরে ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তার নির্মাণকাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।








