
কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অব নার্সিংয়ের অধ্যাপক ড. তায়ে ওয়া লির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কোইকা বাংলাদেশ ও ভুটানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুজিন কং, ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অব নার্সিংয়ের ড. জং ইউন, কোইকা বাংলাদেশ ও ভুটানের প্রোগ্রাম ম্যানেজার সিউঙ্গা চো এবং কোইকা বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো: নূর চৌধুরী।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. নাদিম আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান, জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) পরিচালক নাহিদ উল মোস্তাক এবং এনআইএএনইআর’র পরিচালক দীপালী রানী মল্লিক উপস্থিত ছিলেন।
বৈঠকে কোইকার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এনআইএএনইআর)-এ নার্সিং বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কোইকা প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। গবেষণার মানোন্নয়নে বিশ্বের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ক সহযোগিতার পরিধি বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








