ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় প্রবাসীদের ৮ দফা দাবি পেশ
লন্ডনে বাংলাদেশে হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেন ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন নিশ্চিতকরণ, আর্থিক অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং প্রবাসীবান্ধব ব্যাংকিং সেবার দাবিতে আট দফা দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদ’। সোমবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দেয়া হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলামের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন পরিষদের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোর্তুজা সিআইপি এবং সদস্য সচিব ব্যবসায়ী ও লেখক মাহমুদুর রহমান সুমন। এ সময় সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার আতাউর রহমানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রবাসীদের রেমিট্যান্স, সঞ্চয় ও বিনিয়োগে ব্যাংকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিগত আওয়ামী সরকার আমলে এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংকটির পরিচালনা, মালিকানা পরিবর্তন, অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
সংগঠনটির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন, শেয়ার হস্তান্তরের স্বচ্ছ পর্যালোচনা, অর্থপাচার তদন্ত করে পাচারকৃত অর্থ উদ্ধার, বিদেশি নম্বরে ওটিপি জেনারেটসহ ডিজিটাল সেবা সহজীকরণ এবং পরিচালনা পর্ষদে যোগ্য প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ।
স্মারকলিপিতে হাইকমিশনকে এই দাবিগুলো দ্রুত সরকারের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়। 
একই সাথে দাবি বাস্তবায়ন না হলে বিশ্বজুড়ে প্রবাসীদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি।