কক্সবাজারে গ্রেফতার ৬ বিদেশী ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার অফিস

Advertisement

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেফতার হওয়া ছয় বিদেশী নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিদেশী নাগরিকদের মধ্যে পাঁচজন চাইনিজ একজন তাইওয়ানের নাগরিক। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, ‘তাদের অপরাধের সংশ্লিষ্টতা আরো গভীরভাবে তদন্ত ও ডিভাইসগুলোর আরো পরীক্ষা-নিরীক্ষার  জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 
অন্য দিকে আসামিপক্ষের আইনজীবী আবদুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরি তেমনিভাবে যদি তারা পর্যটন বা অন্যান্য কাজে এসে থাকে তাহলে তাদের আইনি মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে। 
এর আগে সকাল ৯টার দিকে  তাদের আদালতে  আনা হয়। শুনানি শেষে আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গেল ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সেই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।