
দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি তা অনেকটা শহরকেন্দ্রিক। প্রত্যন্ত গ্রামাঞ্চল এই উন্নয়ন থেকে বেশ পিছিয়ে। গ্রাম-গঞ্জে সড়ক যোগাযোগের অনুন্নত অবস্থা গণামধ্যমে প্রতিনিয়তই উঠে আসে। সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা কমই নেয়া হয়। শহরের যোগাযোগ উন্নয়নে সরকার যতটা দায়বদ্ধ, গ্রাম-গঞ্জের যোগাযোগ উন্নয়নে ততটা দায় দেখায় না।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বারোমাসিয়া নদীর ওপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে আট গ্রামের মানুষ চলাচল করেন। আবার সেই বাঁশের সাঁকোও এখন অর্ধেকের বেশি ভেঙে গেছে। সেখানকার কয়েক হাজার মানুষ নদী পারাপারে বিপদে পড়েছেন।
নয়া দিগন্তে গত মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি অংশ ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দুইপাড়ের মানুষ। দুই-তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বাধ্য হয়ে বুকসমান পানি ভেঙে অর্ধেক নদী পার হচ্ছেন। ভাঙা সাঁকো দিয়ে বাকি নদী পার হচ্ছেন। ঝুঁঁকি নিয়ে প্রতিনিয়ত বিপদসঙ্কুল পথ তারা পাড়ি দিচ্ছেন। বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ ও বৃদ্ধরা।
প্রায় দেড় যুগ ধরে সাঁকোটি দিয়ে দুই পাড়ের মানুষ চলাচল করছেন। এর আগে নৌকায় নদী পারাপার করতে হতো। প্রতি বছর বর্ষার আগে স্থানীয় উদ্যোগে সাঁকোটি মেরামত করা হলেও গত বছর সংস্কার না করায় এর কাঠামো দুর্বল হয়ে পড়েছে। দুই-তিন মাস আগে সাঁকোটির বড় অংশ ভেঙে যাওয়ায় দুর্ভোগ আরো বাড়ে। স্থানীয় বাসিন্দা শেফালী রানী মাথায় বাদামের বোঝা নিয়ে বুকসমান পানি পার হচ্ছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দুই-তিন মাস ধরে কষ্ট করে নদী পার হচ্ছি। সন্তানদেরও ঝুঁঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। আর কত কষ্ট করব?’
এসব স্থানে সেতু নির্মাণের ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা বিশেষ উদ্যোগ নিয়ে থাকেন। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য যারা থাকেন তারা বিষয়গুলো নিজ দায়িত্বে দেখভাল করেন। কিন্তু দেড়যুগ ধরে বারোমাসিয়া নদীতে সেতু না হওয়ায় এ কথা বলা বলাই যায়- এখানে সেতু নির্মাণ সম্পর্কে অতীতের জনপ্রতিনিধিরা উদাসীন ছিলেন। তারা জনগণের দুর্ভোগ দেখেও তা লাঘবের উদ্যোগ নেননি। স্থানীয় প্রকৌশল বিভাগও সময়মতো দায়িত্ব পালন করেনি।
গ্রাম-গঞ্জের মানুষ অনেক সময় তাদের দাবিটি সঠিক জায়গায় উত্থাপন করতে পারেন না। সেই সুযোগ তাদের থাকে না। তবে তারা ভোটের সময় স্থানীয় প্রতিনিধিদের দ্বারস্থ হন। ভোট গেলে তারাও দায়িত্ব এড়িয়ে যান। স্থানীয় জনপ্রতিনিধিদের উচিত এ সমস্যার সমাধানে এগিয়ে আসা।
গত ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার এসেছে। নির্বাচিত হয়েছেন নতুন জনপ্রতিনিধি। ফুলবাড়ীর নির্বাচিত নতুন সংসদ সদস্যের বারোমাসিয়া নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টিতে দৃষ্টি আকৃষ্ট হবে। যত দ্রুত সম্ভব সাঁকোটি সংস্কার কিংবা নতুন একটি টেকসই সেতু নির্মাণে স্থানীয় সরকারে তিনি কার্যকর ভূমিকা নেবেন, আশা করা যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








