
বাংলাদেশের প্রাকৃতিক জীববৈচিত্র্যের অন্যতম কেন্দ্র সুন্দরবন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন-জীবিকার সাথে এই বন ওতপ্রোতভাবে জড়িত। মাছ ধরা, মধু সংগ্রহ, গোলপাতা আহরণসহ নানা কাজে প্রতিদিন অসংখ্য মানুষ সুন্দরবনে প্রবেশ করেন। অথচ বনদস্যুদের দৌরাত্ম্যে এসব মানুষের স্বাভাবিক জীবন আজ হুমকির মুখে পড়ছে। বিভিন্ন সময়ে বনদস্যুরা জেলেদের অপহরণ করে তাদের পরিবার থেকে মুক্তিপণ দাবি করে। পণ দিতে না পারলে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানোসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। ফলে জীবিকার তাগিদে প্রতিনিয়ত সুন্দরবনে যাওয়া মানুষগুলোকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। একজন জেলে কিংবা বাওয়ালি সুন্দরবনে গেলে নিরাপদে আবার ফিরে আসতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমনকি তাদের পরিবারের সদস্যদেরও এ নিয়ে আতঙ্কে থাকতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়।
সুতরাং বনদস্যুদের দৌরাত্ম্য থেকে সুন্দরবন নিরাপদ রাখতে কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত টহল এবং কঠোর নজরদারি বাড়াতে হবে।
বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে এবং তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
মো: ইমরান, শিক্ষার্থী,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








