
খুলনায় অবস্থিত জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) ২৫ ও ২৬ নভেম্বর আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবেলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় নিয়ে আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনসহ আধুনিক সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পাশাপাশি সেনাবাহিনী প্রধান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ, মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়া স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









