যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা হাম মোকাবিলার জন্য পদক্ষেপ নিচ্ছেন
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা হাম মোকাবিলার জন্য পদক্ষেপ নিচ্ছেন। সংগৃহীত
ads

যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত জনগোষ্ঠীগুলোর একটি পেনসিলভানিয়ার গ্রামীণ অ্যামিশ সম্প্রদায়। এ সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে হাম প্রতিরোধের টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এ উদ্যোগ নিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রজুড়ে টিকা গ্রহণের হার কমে যাওয়ার মধ্যে গত নভেম্বরের মাঝামাঝি দেশটি হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। ২০০০ সাল থেকে দেশটি এ স্বীকৃতি ধরে রেখেছিল।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট চেস্টার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অত্যন্ত সংক্রামক এ রোগে জ্বর, শ্বাসতন্ত্রের সমস্যা ও ত্বকে ফুসকুড়ি দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ হতে পারে। এতে দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতি এমনকি মৃত্যুও ঘটতে পারে।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে অঙ্গরাজ্যটিতে হামে এক হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন নয়জন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়ায় সংক্রমণের হার সবচেয়ে বেশি।

অঙ্গরাজ্যটির যেসব এলাকায় ৪০ হাজারের বেশি অ্যামিশ ও মেনোনাইট সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানে সংক্রমণের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এসব সম্প্রদায়ের মানুষ আধুনিক সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্ন থেকে গ্রামীণ জীবনযাপন করেন। তাদের মধ্যে টিকা গ্রহণের হারও বেশ কম। বাসস