
আদালতের রায় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে ৬৩ জন পদোন্নতিপ্রাপ্ত কানুনগোকে ২০১৬ সালের ১৭ নভেম্বর থেকে ধারণাগত জ্যেষ্ঠতা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকায় দায়ের করা এ.টি. মামলা নম্বর ৯১/২০২১-এর ২০ মার্চ ২০২৩ তারিখের রায়, এ.টি. আপিল মামলা নম্বর ৪৭৫/২০২৩-এর ১০ জানুয়ারি ২০২৪ তারিখের রায়, হাইকোর্ট বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা নম্বর ৩০৪৭/২০২৪-এর ১১ জানুয়ারি ২০২৬ তারিখের রায় এবং বাস্তবায়ন মামলা নম্বর ০৪/২০২৪-এর ১৬ জুলাই ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মতামতও বিবেচনায় নেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের ১১ ডিসেম্বর ২০১৯ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপনমূলে পদোন্নতিপ্রাপ্ত সার্ভেয়ারদের কানুনগো পদে পদোন্নতি ১৭ নভেম্বর ২০১৬ তারিখ থেকে কার্যকর বলে বিবেচিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই তারিখ থেকে ধারণাগত জ্যেষ্ঠতা অর্জন করবেন।
তবে এ জ্যেষ্ঠতার ভিত্তিতে বেতন নির্ধারণের সুবিধা ছাড়া অন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত কর্মকর্তাদের মধ্যে জাকির হুসাইন সরদার, মো: আবু সাইদ, মো: রেজাউল করিম, মো: আসলাম সরকার, এম এম শাহাদাৎ হোসেন, মো: নজরুল ইসলাম, মো: সোহেল মিয়া, মো: বাবুল আক্তার, মো: ফারুক আলম, মো: সেলিম হাওলাদার, মো: ফজলুর রহমান, মো: মতিউল ইসলাম, মো: মজিবুর রহমান, মো: সিদ্দিকুর রহমান, জালাল আহমেদসহ মোট ৬৩ জন রয়েছেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, তালিকাভুক্তদের মধ্যে ইতোমধ্যে যারা অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন, অবসর গ্রহণ করেছেন অথবা মৃত্যুবরণ করেছেন, তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। বর্তমানে কানুনগো পদে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রে এ ধারণাগত জ্যেষ্ঠতা বিবেচিত হবে।
ভবিষ্যতে আদালতের কোনো মামলার নির্দেশনা অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা সংযোজনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









