
গাজায় ইসরাইলের যুদ্ধকে গণহত্যা বলে অভিহিত করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। অথচ দলটির নেতা রাহুল গান্ধীও ইসরাইলের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইসরাইলের গণহত্যার নিন্দা করলেও বলেছেন, ‘আমি ইসরাইলের সাথে শক্তিশালী সম্পর্কের পক্ষে। আমাদের কৌশলগত স্বার্থ রয়েছে। সশস্ত্র বাহিনীর জন্য সেরা অস্ত্র কেনাও এর অন্তর্ভুক্ত।’ তাঁর এ বক্তব্যে কংগ্রেসের মিত্র বাম দলগুলোর একাংশ ক্ষুব্ধ হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ভারতের সাথে ইসরাইলের সম্পর্কের গভীরতা এতটাই বেশি যে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন হলেও এ সম্পর্কের অবসান হওয়ার সম্ভাবনা নেই।
আল জাজিরা বুধবার (২৫ নভেম্বর) জানায়, অস্ত্র কেনাবেচা থেকে শুরু করে নজরদারি, পুলিশি কৌশল ও সাইবার প্রযুক্তি—বিভিন্ন ক্ষেত্রে ভারত ক্রমেই ইসরাইলের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। মোদির আমলে এ সম্পর্ক প্রকাশ্য ও বিস্তৃত হয়েছে ঠিকই, কিন্তু এর ভিত তৈরি হয়েছে কয়েক দশক ধরে। ফলে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও সহযোগিতার এ কাঠামো সহজে ভাঙার নয়।
সম্প্রতি ভারতের অলাভজনক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের এক তদন্তে দেখা গেছে, ইসরাইলের তৈরি ফোন হ্যাক করার প্রযুক্তি কেনার জন্য ভারতের নিজস্ব বিধি শিথিল করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোনে নজরদারির প্রযুক্তি নিয়ে ভারতে অবশ্য আগেও বিতর্ক হয়েছে। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরাইলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিশানা করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক সিদ্ধার্থ ভারাদারাজন ও আনন্দ মাঙ্গনালের ফোনে পেগাসাসের সংক্রমণ নিশ্চিত করে। কিন্তু দিল্লি সরকার অনুমোদনহীন নজরদারির অভিযোগ অস্বীকার করে।
ফোনে আড়িপাতা থেকে
ক্ষেপণাস্ত্র :
প্রতিরক্ষা,
নজরদারি ও সামরিক প্রযুক্তিতে
দুই দেশের গভীর
সহযোগিতা
গবেষক ও লেখক আজাদ এশা মনে করেন, এসব ঘটনা দুই দেশের সহযোগিতার গভীর নির্ভরতারই প্রতিফলন। তাঁর ভাষায়, ভারতের সাথে ইসরাইলের সহযোগিতার মধ্যে বরাবরই গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত নিয়ন্ত্রণে ইসরাইলি পদ্ধতি পরীক্ষা ও অনুসরণের বিষয়টি রয়েছে। ‘ভারতীয়দের বিরুদ্ধেই, এমনকি কৃষকদের বিরুদ্ধেও, ইসরাইলি পণ্য বা পদ্ধতি ব্যবহার করা হবে—এটা ছিল কেবল সময়ের অপেক্ষা’, বলেন তিনি। ভারত-ইসরাইলের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে লেখা তাঁর বইয়ের নাম হোস্টাইল হোমল্যান্ডস।
ভারতের রাজধানী দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় এর একটি উদাহরণ দেখা গেছে। রাজ্য সরকার ছয় বছর ধরে ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর কৌশল অনুসরণের চেষ্টা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লির দিকে মিছিল নিয়ে যাওয়া কৃষকদের ছত্রভঙ্গ করতে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছোড়ে রাজ্য পুলিশ।
অস্ত্রবাণিজ্য ও আদানি গ্রুপের ভূমিকা
ফোনে নজরদারির প্রযুক্তি ভারত-ইসরাইল সম্পর্কের সাম্প্রতিক সংযোজন মাত্র। দুই দেশের সহযোগিতার সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র প্রতিরক্ষা শিল্প। ২০১৪ সাল থেকে ভারত ইসরাইলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র ক্রেতা। দেশটির মোট অস্ত্র রফতানির প্রায় ৩৭ শতাংশই যায় ভারতে।
এই সম্পর্কের কেন্দ্রে রয়েছে ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ। মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এ শিল্পগোষ্ঠী ২০১৬ সালে ইসরাইলের এলবিট সিস্টেমসের সাথে যৌথ উদ্যোগে হায়দরাবাদে হারমেস-৯০০ ড্রোন তৈরির কারখানা প্রতিষ্ঠা করে। ইসরাইলের বাইরে এ ধরনের প্রথম কারখানা এটি। ২০২০ সাল থেকে আদানি বিএলআর সিস্টেমসের ৫১ শতাংশ মালিকানা ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি ইসরাইল উইপন ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে নেগেভ মেশিনগানের যন্ত্রাংশ তৈরি করে। ২০২৩ সালের জানুয়ারিতে আদানি ও ইসরাইলের গ্যাডট যৌথভাবে ১১৫ কোটি ডলারে হাইফা বন্দর কেনে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজাদ এশার মতে, ভারত ক্রমেই ইসরাইলি কোম্পানিগুলোর উৎপাদন ও সরবরাহের কেন্দ্রে পরিণত হচ্ছে। দিল্লিভিত্তিক স্বাধীন গবেষক আশুতোষ সিংও মনে করেন, হায়দরাবাদের কারখানাটি এর সবচেয়ে ভালো উদাহরণ। তাঁর মতে, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আড়ালে ভারতীয় পুঁজি ইসরাইলের সামরিক অবকাঠামোর সাথে যুক্ত হচ্ছে। ভারতের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া এ কর্মসূচির আওতায় দেশেই সামরিক সরঞ্জাম তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাশাপাশি এ সহযোগিতায় প্রযুক্তি হস্তান্তরের পরিমাণ নিয়ে প্রশ্ন রয়েছে। নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল বলেন, হায়দরাবাদে মূলত ইসরাইলের নকশা করা ড্রোনের শেষ পর্যায়ের সংযোজনের কাজ হয়। কতটা প্রযুক্তি পুরোপুরি হস্তান্তর করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ২০২৩ সালের শেষ দিকে ও ২০২৪ সালের শুরুর দিকে ইসরাইলে এসব মডেলের কয়েকটি ড্রোন সরবরাহ করা হয়েছিল। তখন গাজায় গণহত্যাকারী যুদ্ধে সেগুলোর কয়েকটি ব্যবহার করা হচ্ছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৩০ জুলাই প্রকাশিত ‘মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান পাঠিয়েছে। হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে ৭ অক্টোবরের হামলার মধ্য দিয়ে গাজায় ইসরাইলি সামরিক অভিযান শুরু হয়েছিল। প্রতিবেদনে নয়টি ভারতীয় প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনটি সরাসরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন।
প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিষ্ঠান রফতানি করলে ভারতীয় রাষ্ট্রও কার্যত অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়ায় যুক্ত থাকে। অভিযোগের বিষয়ে পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের একটি ‘শক্তিশালী’ আইনি কাঠামো রয়েছে। তবে তিনি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর সরাসরি জবাব দেননি।
ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনে কেন ভারত
বিশ্লেষকদের মতে, ভারত কেন ইসরাইলের কাছ থেকে এত অস্ত্র কেনে, তার উত্তর শুধু প্রযুক্তির উৎকর্ষে নেই। বরং অস্ত্র বিক্রির বিনিময়ে ইসরাইল যেসব শর্ত আরোপ করে না, সেটিও বড় কারণ।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক কবির তানেজা বলেন, ভারত-ইসরাইল সম্পর্কের প্রায় পুরোটাই প্রতিরক্ষাকেন্দ্রিক। পশ্চিমা কোনো দেশ ভারতকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম বিক্রি করলেও অনেক সময় সেগুলোর প্রযুক্তিগত নকশা বা সোর্স কোড দিতে চায় না। ফলে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ওই অস্ত্রব্যবস্থার সাথে যুক্ত করা কঠিন হয়ে পড়ে। ইসরাইল এ ধরনের বাধা দূর করতে আগ্রহী। যেমন, রাশিয়ার তৈরি আইএল-৭৬ উড়োজাহাজে আগাম সতর্কবার্তা দেওয়ার রাডার বসিয়ে দিয়েছিল দেশটি।

তানেজার ভাষায়, ‘প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে ইসরাইল যেন ওয়ালমার্টের মতো। সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রযুক্তি কেনা যায়। সেগুলো কীভাবে বা কোন কাজে ব্যবহার করা হবে, তা নিয়ে কোনো শর্ত বা বাধা-নিষেধ নেই।’
তিনি ভারতের ব্যবহৃত ইসরাইলি ড্রোনের সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এমকিউ-৯ ড্রোনের তুলনা করেন। পাকিস্তান সীমান্তে ভারত ইসরাইলি ড্রোন ব্যবহার করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এমকিউ-৯ ড্রোনগুলো নিরস্ত্র অবস্থায় সরবরাহ করা হয় এবং সেগুলো ব্যবহারের ওপরও বিধিনিষেধ রয়েছে।
নিকোলাস ব্লারেল বলেন, ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় ভারত-ইসরাইলের মধ্যে পারস্পরিক আস্থার ভিত্তি আরো মজবুত হয়। ভারতের পারমাণবিক পরীক্ষার পর অন্য অস্ত্র সরবরাহকারী দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করলেও ইসরাইল যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল। তাঁর মতে, ইসরাইল কখনোই নিষেধাজ্ঞার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। অস্ত্র বিক্রির ক্ষেত্রে কোনো শর্তও জুড়ে দেয়নি। কংগ্রেস ও বিজেপি—দুই দলই এ বিষয়টি লক্ষ করেছে।
পশ্চিমা দেশগুলো যেসব প্রযুক্তি সরবরাহে বরাবরই অনীহা দেখিয়েছে, ইসরাইল সেগুলো দিতে আগ্রহী। পাশাপাশি ভারতের সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়ার তৈরি হওয়ায় রুশ প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ ইসরাইলি অস্ত্র ও প্রযুক্তিও ভারতের জন্য সুবিধাজনক। ব্লারেলের মতে, ইসরাইলি প্রতিষ্ঠানগুলো ভারতীয় কোম্পানির সাথে প্রযুক্তি ভাগাভাগি ও যৌথভাবে কাজ করার ক্ষেত্রে তুলনামূলক বেশি আগ্রহ দেখিয়েছে।
এ সহযোগিতার আরেকটি দিক রয়েছে। ভারত এখন শুধু বিদেশ থেকে অস্ত্র কিনতে চায় না, দেশেই উৎপাদন বাড়াতে চায়। কবির তানেজা বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এখন অস্ত্র প্রস্তুতকারকদের জানিয়ে দিচ্ছে, ভারতে ব্যবসা করতে হলে উৎপাদনের বড় একটি অংশ দেশেই করতে হবে। হায়দরাবাদের কারখানাটি সেই লক্ষ্য পূরণে সহায়তা করছে। তবে ইসরাইলি কোম্পানিগুলোর কাছে এটি মূলত ব্যবসায়িক উদ্যোগ। তানেজার ভাষায়, ‘বাণিজ্যিক দিক থেকে লাভজনক না হলে তারা আসবে না।’ অর্থাৎ, ইসরাইলের কাছ থেকে এখন অস্ত্র কিনে পরে সেগুলোর উৎপাদন দেশে নিয়ে আসার সুযোগ পাচ্ছে ভারত।
সম্পর্কের পেছনে আদর্শ, নাকি নিছক স্বার্থ
ভারত-ইসরাইল সম্পর্কের চালিকাশক্তি কি রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ, নাকি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ—এ প্রশ্নে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।
আজাদ এশার মতে, আদর্শ ও কৌশলগত স্বার্থকে আলাদা করে দেখার সুযোগ নেই। তাঁর ভাষায়, ‘সম্পর্কটি একই সাথে আদর্শিক ও কৌশলগত।’ দুই দেশই নিজেদের এমন সভ্যতাভিত্তিক রাষ্ট্র হিসেবে তুলে ধরে, যেগুলো অস্তিত্বের সঙ্কটের মুখে রয়েছে। এ ধারণার কেন্দ্রে প্রায়ই মুসলমানদের দ্বারা অবরুদ্ধ হওয়ার বয়ান কাজ করে। এশার মতে, হিন্দুত্ববাদ ও ইহুদিবাদী জায়নবাদের মধ্যে আদর্শিক আত্মীয়তাও এ সম্পর্ককে শক্তিশালী করেছে।
হিন্দুত্ববাদ হলো বিজেপি ও দলটির আদর্শিক পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী মতাদর্শ। ভারতের সংবিধানে দেশটিকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলেও আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায়।
নেতানিয়াহুও ভারত-ইসরাইল সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করেছেন। গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে এক সম্মেলনে তিনি বলেন, বিশ্বে ইসরাইলকে বৈধতা দিতে অনীহা থাকলেও ভারতে তেমন সমস্যা নেই। সেখানে ইসরাইলের প্রতি ‘বিপুল ভালোবাসা’ রয়েছে। তাঁর দাবি, অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই তাঁর অনুসারীর সংখ্যা বেশি।
তবে কবির তানেজা এ সম্পর্কের মধ্যে আদর্শিক প্রভাব তেমন দেখেন না। তাঁর মতে, সম্পর্কটি মূলত লেনদেন ও নিরাপত্তার প্রয়োজন থেকে তৈরি। নিরাপত্তাঝুঁকিতে ঘেরা একটি দেশ হিসেবে ভারত তার প্রয়োজন মেটাতে যে দেশ থেকে সুবিধা পাবে, তার সাথেই ঘনিষ্ঠতা বাড়াবে। ফ্রান্স যদি একই ধরনের সুবিধা দেয়, তাহলে ভারত ইসরাইলকে আলাদা করে প্রাধান্য দেবে না।
নিকোলাস ব্লারেল এ দুই অবস্থানের মাঝামাঝি। তাঁর মতে, আদর্শিক সম্পর্কের যুক্তির কিছু ভিত্তি রয়েছে। আরএসএসের প্রতিষ্ঠাতা চিন্তাবিদ ভি ডি সাভারকর ও এম এস গোলওয়ালকর ইসরাইলকে আদর্শ হিসেবে দেখতেন। তবে তাঁরা নাৎসি জার্মানির প্রতিও আগ্রহ দেখিয়েছিলেন। ব্লারেলের ভাষায়, বিভিন্ন রাষ্ট্রীয় মডেল সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি ছিল ‘সুযোগসন্ধানী’। তবে নেতানিয়াহুর প্রতি মোদির ব্যক্তিগত ঘনিষ্ঠতা যে রয়েছে, তা গোপন নয়।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, ইসরাইলের সাথে প্রতিরক্ষা সহযোগিতার প্রয়োজনীয়তা বোঝা যায়। কিন্তু মোদি সরকারের ইসরাইলের প্রতি ঘনিষ্ঠতার পেছনে কোনো আদর্শিক মিল কাজ করছে কি না, সে বিষয়ে সরকার কখনো স্পষ্ট করে কিছু বলেনি।
মোদির আগেও ছিল সম্পর্কের দীর্ঘ ইতিহাস
ভারত-ইসরাইলের কৌশলগত সম্পর্ক বা ইসরাইলের ওপর ভারতের নির্ভরতা মোদির আমলে শুরু হয়নি। বরং এর ইতিহাস অনেক পুরোনো। ১৯৪৭ সালে ফিলিস্তিনকে বিভক্ত করার জাতিসংঘের পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। ১৯৪৯ সালে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ লাভের বিরুদ্ধেও ভোট দেয় দেশটি। পরের বছর, ১৯৫০ সালে ইসরাইলকে স্বীকৃতি দিলেও দুই দেশের মধ্যে কোনো দূতাবাস স্থাপিত হয়নি। চার দশকেরও বেশি সময় ধরে ভারতের বোম্বেতে (বর্তমান মুম্বাই) শুধু একজন ইসরাইলি কনসাল রাখার অনুমতি ছিল।
কূটনৈতিক দূরত্ব বজায় থাকলেও যুদ্ধের সময় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা চলেছে। ১৯৬২ সালে চীনের সাথে যুদ্ধে ভারতকে গোপনে মর্টার ও উজি সাবমেশিনগান সরবরাহ করেছিল ইসরাইল। ইসরাইলের একটি আর্কাইভের নথি অনুযায়ী, ভারত চেয়েছিল অস্ত্রবাহী জাহাজগুলো যেন ইসরাইলের পতাকা নিয়ে না আসে। কিন্তু ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন সে অনুরোধ প্রত্যাখ্যান করেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশের কাছেই অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। তখন ভারতকে মর্টার সরবরাহ করে ইসরাইল। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও ভারতকে অস্ত্র দেয় দেশটি। সে সময় ইরানের শাসক শাহ রেজা পাহলভির জন্য বরাদ্দ করা অস্ত্রের চালান ঘুরিয়ে ভারতের কাছে পাঠানো হয়েছিল।
আজাদ এশার মতে, ১৯৬০-এর দশকের শেষ দিক থেকেই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সহযোগিতা ছিল। পরে ভারত-শাসিত কাশ্মীরে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা তৈরির সময় লেবাননের সাথে ইসরাইলের সীমান্তে নির্মিত বেড়ার অভিজ্ঞতাও কাজে লাগায় ভারত।
অথচ একই সময়ে ফিলিস্তিনের অধিকারের পক্ষে জোরালো অবস্থান ছিল ভারতের। ১৯৭৪ সালে ভারত প্রথম অ-আরব দেশ হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে স্বীকৃতি দেয়। ১৯৮৮ সালে স্বীকৃতি দেয় ফিলিস্তিন রাষ্ট্রকেও। ইসরাইলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। তখন ক্ষমতায় ছিল কংগ্রেস। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বরাজনীতিতে নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনার প্রয়োজন থেকেও এ সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
১৯৯০-এর দশকের শেষ দিকে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসে। তারাও ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও আগাম সতর্কবার্তা দেওয়ার উড়োজাহাজ কেনা অব্যাহত রাখে। পাশাপাশি যৌথভাবে অস্ত্র উৎপাদনের বিষয়েও আলোচনা শুরু করে। ২০০৪ সালে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরলে এ সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে যায়। ২০০৬ সালে ৩৫ কোটি ডলারের একটি চুক্তির আওতায় বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যৌথভাবে তৈরির উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে শুধু অস্ত্র কেনার সম্পর্ক থেকে বেরিয়ে যৌথ প্রযুক্তি উন্নয়নের পর্যায়ে পৌঁছায় দুই দেশ। আজাদ এশার মতে, ‘মোদির আমলে যে আদর্শিক সম্পর্ক গড়ে উঠেছে, তার ভিত্তি তৈরি করে দিয়েছিল আগের সরকারগুলো, যার মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারও রয়েছে।’
২০১৪ সালের পর বদলে যায় সম্পর্কের প্রকাশ্য চেহারা
মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত-ইসরাইল সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন প্রকাশ্যেই ঘটে। আগের সরকারগুলো ইসরাইলের কাছ থেকে অস্ত্র কিনলেও তা আড়ালে রাখতে চাইত। অস্ত্রবাহী জাহাজে ইসরাইলের পতাকা না রাখার অনুরোধ কিংবা গোপন সফরের ব্যবস্থা ছিল সেই সতর্কতারই অংশ। ২০১৪ সালের পর সেই রাখঢাক আর থাকেনি।
২০১৪ সালের জুলাই ও আগস্টে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সময় ভারতের রাজ্যসভার মাধ্যমে ইসরাইলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছিল। মোদি সরকার তা হতে দেয়নি। ২০১৫ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদে গাজায় ওই সামরিক অভিযানের জন্য জবাবদিহি নিশ্চিত করার প্রস্তাবে প্রথমবারের মতো ভোটদানে বিরত থাকে ভারত। ২০১৬ সালেও একই অবস্থান নেয় দেশটি।
২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও তিনি দেশটি সফর করেন। এর কয়েক দিন পরই ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। ২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধের আবেদন নিয়ে করা একটি মামলাও শুনতে অস্বীকৃতি জানায় ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের যুক্তি ছিল, পররাষ্ট্রনীতি নির্ধারণের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে।
নিকোলাস ব্লারেলের মতে, ১৯৭০-এর দশক থেকে ফিলিস্তিন প্রশ্নে ভারতের অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট। এখন তা অনেক বেশি অনিশ্চিত ও পরিবর্তনশীল হয়ে উঠেছে। এ অবস্থান বিজেপির জন্য সুবিধাজনক হলেও মধ্যপ্রাচ্যের কূটনীতিকেরা ভারত আসলে কোন অবস্থানে রয়েছে, তা বুঝতে পারছেন না। তাঁর মতে, ভারতের বর্তমান নীতিতে নৈতিক অবস্থানের স্পষ্টতার অভাব রয়েছে।
তবে কবির তানেজা মনে করেন, ভারতের নীতিতে মৌলিক কোনো পরিবর্তন হয়নি। তাঁর দাবি, ভারত এখনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে এবং এ বিষয়ে যা করার প্রয়োজন, তা করেছে।
আজাদ এশা অবশ্য ভিন্নমত পোষণ করেন। তাঁর মতে, গাজায় সাম্প্রতিক যুদ্ধে ইসরাইলকে ভারতের অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেয়া, ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি সমর্থন না করা এবং দেশের ভেতরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের ঘটনা ভারতের কথিত ফিলিস্তিননীতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। তাঁর ভাষায়, ‘এসব পদক্ষেপ ফিলিস্তিনের প্রতি ভারতের কথিত নীতির চেয়ে অনেক বেশি জোরালো বার্তা দেয়।’
ভারতের অর্থনৈতিক শক্তি বেড়ে যাওয়াও এ পরিবর্তনের একটি কারণ বলে মনে করেন তানেজা। তাঁর মতে, ১৯৬০-এর দশকে ভারতের অর্থনীতি ছিল ছোট। তখন অন্য শক্তিগুলোকে অসন্তুষ্ট করার মূল্যও ছিল অনেক বেশি। কিন্তু বর্তমানে প্রায় ৪ লাখ কোটি ডলারের অর্থনীতির দেশ ভারত নিজের বাণিজ্য ও নিরাপত্তা রক্ষায় অনেক বেশি সক্ষম। ফলে অন্য দেশগুলোর আপত্তি বা চাপ সামলে নেওয়ার সামর্থ্যও তার বেড়েছে। নিরাপত্তার স্বার্থে যে দেশ সহযোগিতা দিতে প্রস্তুত, ভারত তার কাছ থেকেই সহায়তা নেবে। এ ক্ষেত্রে ইসরাইলও তার অন্যতম অংশীদার।
গাজা যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন
ভারত-ইসরাইল সম্পর্কের পরিণতি নিয়ে সমালোচকদের প্রধান প্রশ্ন এখন জবাবদিহি। জাতিসংঘের একটি তদন্ত কমিশন জুন মাসে প্রকাশিত প্রতিবেদনে জানায়, ইসরাইলের দুই বছরের গণহত্যামূলক যুদ্ধে গাজায় অন্তত ২০ হাজার ১৭৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। কমিশন সদস্যদেশগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানায়। তাদের বক্তব্য, এসব অস্ত্র সরবরাহের সাথে গণহত্যার সংশ্লিষ্টতা রয়েছে বা থাকার আশঙ্কা আছে। ইসরাইল অবশ্য প্রতিবেদনটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
গাজায় যুদ্ধাপরাধের ক্ষেত্রে ভারত সরকার ও দেশটির অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দায় আছে কি না—এ প্রশ্নের জবাবে আজাদ এশা বলেন, ‘আমার বিশ্বাস, আছে।’ তাঁর মতে, ভারত এ বিষয়ে কিছুই জানত না, এমন দাবি করতে পারে না। আশুতোষ সিংও মনে করেন, যে দেশই গণহত্যার কাজে ব্যবহারের জন্য ইসরাইলকে বাস্তব সহায়তা দেবে, সেই দেশও দায় এড়াতে পারে না।
কংগ্রেসের নেতা সালমান খুরশিদও এ সম্পর্কের সীমা নির্ধারণের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যও ইসরাইলের তৈরি ফোন থেকে তথ্য বের করার প্রযুক্তি কিনেছে—এমন প্রতিবেদন তিনি অস্বীকার করেননি। তাঁর মতে, এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ন্ত্রণ ও সীমারেখা থাকা দরকার। কিন্তু ভারতের সাথে ইসরাইলের লেনদেনে সেই সীমারেখা স্পষ্ট নয়।
তবু ইসরাইলের সাথে সম্পর্কের বাস্তবতা মেনে নিয়েই কথা শেষ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। তাঁর স্বীকারোক্তি, ‘এটা নিখুঁত কোনো পৃথিবী নয়। আমাদের কিছু ছাড় দিতেই হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









