
‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা করেছেন ড. ইউনুসের সরকার। এর দায় বিএনপির নয়।’ এমনটি জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
এদিকে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি সমাবেশ ও বিশাল শোভাযাত্রা করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
সমাবেশের শুরুতে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পৌর শহরে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়, যাতে নেতৃত্ব দেন সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।
সমাবেশকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সভাস্থল।
সাধারণ মানুষের জানমালের ক্ষতি করলে ছাড় নয়
প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মোশাররফ হোসেন এমপি বলেন, ‘আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে বিজয়ের পরে বিরোধী দলের নেতাদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।’
তিনি বলেছিলেন, ‘আমি এক নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দেশকে অস্থিতিশীল করতে সাধারণ মানুষের বাসাবাড়িতে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ করছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।’
বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যাদের নেত্রী সাধারণ নেতাকর্মীদের রেখে তার চৌদ্দগোষ্ঠীসহ সবাইকে নিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা পরিবারের একটা লোকও ধরা পড়েনি। আর আপনারা যারা এখনো পালিয়ে, রাতের আধারে কিংবা দিনে স্বপ্ন দেখেন নেত্রী ফিরে আসবে; এমন অলীক স্বপ্ন্ দেখতে গিয়ে সাধারণ মানুষের শান্তি নষ্ট করতে পারেন না। তাই হুশিয়ার, কেউ দেশের তথা কলাপাড়ার কোন সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি করলে বিএনপি বসে থাকবে না। তারা আইনের মাধ্যমে আপনাদের দমন করবেন।’
বিগত ১৫ বছরের হামলা ও বর্তমান সহাবস্থান
বিগত দিনের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে এ বি এম মোশাররফ হোসেন প্রশ্ন রেখে বলেন, ‘গত ১৫ বছরে আমার কলাপাড়ার বাসায় ১৫ বার হামলা করা হয়েছে। মিছিলি-মিটিং এমনকি দলীয় অফিসেও বসতে পারি নাই। এখন একই মহল্লায় আপনাদের সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র বসবাস করছেন। একদিনও আমরা কিংবা দলের নেতাকর্মীরা কোন ধরনের হুমকি পর্যন্ত দেয়নি।’
প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়তে কোনো ধরনের নৈরাজ্য করা যাবে না বলেও তিনি এ সময় হুঁশিয়ারি দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন যারা
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, উপজেলা বিএনপির সহসভাপতি জাফরুজ্জামান খোকন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদ রতন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান সভাটি পরিচালনা করেন।
এ সময় উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









