
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বসতঘরে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে দেড় বছর বয়সী ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেল বড় বোন মরিয়ম (৩)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, রোববার (২২ নভেম্বর) আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় দেড় বছর বয়সী শিশু আনাছ। ঘটনার সময় শিশু আনাছ ও মরিয়ম ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিল।
আরো পড়ুন : মুহূর্তেই আগুনে পুড়ল পুরো বসতঘর, প্রাণ গেল ঘুমন্ত শিশুর
নিহত দুই শিশু উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বারের বাড়ির নাজির আহমেদের সন্তান।
মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আতিক। তিনি জানান, আগুনে পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি তাদের দু’টি সন্তানকেও হারাতে হয়েছে। বর্তমানে শিশুটির লাশ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর মরিয়মের লাশ নিয়ে তার স্বজনরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেবেন।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে সংসারের কাজে ঘরের বাইরে যান তাদের মা। বাবা যান অটোরিকশা চালাতে। এ সময় হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশাপাশি থাকা দু’টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে ততক্ষণে ঘরের ভেতরেই পুড়ে মারা যায় দেড় বছর বয়সী শিশু আনাছ। আর তার বড় বোন মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাতে মারা যায় শিশুটি।
ঘটনার খবর পেয়ে ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: খলিলুর রহমান ঘটনার পর জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









