তারেক রহমান
লন্ডন থেকে স্বর্ণদ্বীপ : স্টিয়ারিং ছাড়েননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়া দিগন্ত
ads

কখনো লন্ডনের রাজপথে, কখনো ঢাকার ব্যস্ত সড়কে, কখনো কক্সবাজারের দীর্ঘ পথে, আবার কখনো বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপের অসমতল প্রান্তরে—স্থান, কাল ও বাহন বদলালেও একটি দৃশ্য বারবার ফিরে এসেছে: গাড়ির স্টিয়ারিং হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসজীবনের দীর্ঘদিনের ব্যক্তিগত এই অভ্যাসটি রাষ্ট্রের শীর্ষ নির্বাহী পদে আসীন হওয়ার পরও ধরে রেখেছেন তিনি।

PM-TR-5 (1)

স্বর্ণদ্বীপের অসমতল প্রান্তরে অফরোড ড্রাইভ

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে (স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত) তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে বিস্তীর্ণ চরাঞ্চল ও অসমতল ভূমির মধ্য দিয়ে আকাশী রঙের পোলো শার্ট পরা প্রধানমন্ত্রীকে নিজেই সেনাবাহিনীর একটি অফরোড ফোরহুইল ড্রাইভ যান চালাতে দেখা যায়।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই দ্বীপে প্রশিক্ষণ মহড়া ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

PM-TR-2

প্রবাসজীবন ও পারিবারিক দায়িত্ববোধ

তারেক রহমানের নিজ হাতে গাড়ি চালানোর এই অভ্যাস নতুন নয়। দীর্ঘ প্রবাসজীবনে লন্ডনে তিনি নিয়মিত নিজেই গাড়ি চালাতেন।

এর একটি উল্লেখযোগ্য দৃশ্য দেখা যায় ২০২৫ সালের ৮ জানুয়ারি, যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। সেদিন হিথরো বিমানবন্দর থেকে মাকে নিজে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান এবং পরবর্তী সময়ে হাসপাতাল থেকে বাসায় ফেরার সময়ও চালকের আসনে ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ ও প্রটোকলে পরিবর্তন

২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও এই অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। বরং রাজধানীতে জনভোগান্তি কমাতে প্রচলিত প্রটোকলে পরিবর্তনের নির্দেশ দেন তিনি এবং চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ি বেছে নেন।

দায়িত্ব গ্রহণের পর গাড়ি চালানোর উল্লেখযোগ্য কিছু ঘটনা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাষ্ট্রীয় ও ব্যক্তিগত কর্মসূচিতে তার নিজ হাতে গাড়ি চালানোর উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নিচে তুলে ধরা হলো:

দাপ্তরিক কর্মসূচি

সচিবালয়ে কাজ শেষে নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসনের কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগদান।

PM-TR-3

ব্যক্তিগত সফর

গত ৬ মে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে রাজধানীতে গাড়ি চালানো।

দেশীয় প্রযুক্তির উৎসাহ: গত ২৩ মে রাজধানীর তেজগাঁওয়ে দেশীয় প্রযুক্তিতে নির্মিত পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি চালিয়ে পরীক্ষা করা।

নগর ব্যবস্থাপনা পরিদর্শন

গত ২৯ মে ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

PM-TR-4

কক্সবাজারে দীর্ঘ পথ পাড়ি

গত ১৩ জুন কক্সবাজার সফরে বিমানবন্দর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিতে যান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যমতে, সেদিন মেরিন ড্রাইভ থেকে চকরিয়া, পেকুয়া, ডুলাহাজারা ও মালুমঘাটসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এক দিনেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালান তিনি।

একজন প্রধানমন্ত্রীর চলাফেরায় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকলের বিশেষ গুরুত্ব থাকলেও, সেই কাঠামোর মধ্যেই পারিবারিক প্রয়োজন, রাষ্ট্রীয় কর্মসূচি কিংবা মাঠপর্যায়ের প্রশাসনিক তদারকিতে নিজ হাতে স্টিয়ারিং ধরার এই বিষয়টি সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের মাঝে বিশেষভাবে নজর কেড়েছে।