ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত নতুন উপজেলার প্রতিবাদে রেলপথ অবরোধ
সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে স্থানীয়রা এ অবরোধ কর্মসূচি পালন করে। নয়া দিগন্ত
ads

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

এ ঘটনায় এক ঘণ্টা ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় পাঘাচং স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন আটকা পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন ও আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এবার এই ইউনিয়নকে উপজেলায় রূপান্তরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সদর উপজেলার মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর—এই তিনটি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।

এ পরিকল্পনার প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার মাঠে স্থানীয় বিএনপির নেতাদের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নবাসী। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করেন।

সমাবেশে জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলার তিনটি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি নিরীক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। কোনো অবস্থাতেই মাছিহাতাবাসী এ সিদ্ধান্ত মেনে নেবে না। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলন গড়ে তোলা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে গত ৮ নভেম্বর সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা রেলপথ অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারে রাজি করান।