বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপট চলছেই
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপট চলছেই। ক্রিকইনফো
ads

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন মার্কুইজ আকারম্যান। ১৩৮ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ওপেনার। 

শেষ পর্যন্ত যদিও তাকে থামিয়েছেন শরিফুল ইসলাম। তবে আকারম্যানের বিদায়ের পরও ম্যাচের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতেই। রান তুলছে অনায়াসেই, ৭৫ ওভারে সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৪২। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৫১ রান।

বাংলাদেশের প্রথম ইনিংস ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তুলতে থাকেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। প্রথম দিন ৪৬ রানে অপরাজিত থাকা আকারম্যান মঙ্গলবার দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ফিফটি পূর্ণ করেন। 

এরপর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ১১১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পথে শরিফুলের এক ওভারে চারটি চার মারেন। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এক ওভার থেকে তুলে নেন ২০ রান।

দেড় শ’ ছোঁয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি আকারম্যান। শরিফুলের ফুলটসে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি। ২৩টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ১৫০ রানের ইনিংসটি শেষ হয় ১৩৮ বলে।

আকারম্যানের বিদায়ের আগে জুবায়ের হামজাকেও ফিরিয়েছেন খালেদ আহমেদ। ২৭ রান করা হামজাকে মাহফিজুল রবিনের ক্যাচ বানিয়ে ভাঙেন ৯৬ রানের জুটি। পরে ম্যাথুউ ব্রিটজকিকে ২০ রানে ফেরান খালেদ। তার ক্যাচটি নেন জাকের আলী।

মধ্যাহ্নবিরতির পরও বাংলাদেশের সাফল্য এনে দেন শরিফুল। ২০ রান করা রায়ান রিকেলটনকে জাকের আলীর ক্যাচে পরিণত করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন বাঁহাতি পেসার। ৫ উইকেটে ৩০৫ রান নিয়ে দিন এগিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে তাদের লিড ২১৪ রান। ক্রিজে টনি ডি জর্জির সাথে আছেন উইয়ান মুল্ডার। ডি জর্জি ৫৭ ও মুল্ডার ২৫ রানে ব্যাট করছেন।

এর আগে সকালে বাংলাদেশের বোলারদের জন্য সুযোগ এসেছিল। তাসকিন আহমেদের বলে ফিরতি ক্যাচ দিয়েও বেঁচে যান ডি জর্জি। নিজের বোলিংয়ে ক্যাচটি নিতে পারেননি তাসকিন।

এমন সুযোগ হাতছাড়া হওয়ার পরও খালেদ ও শরিফুলের কল্যাণে তিনটি উইকেট পেয়েছে বাংলাদেশ। কিন্তু আকারম্যানের দেড় শ’ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে বড় লিডের পথে এগিয়ে দিয়েছে।