রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার সংবাদে ভুক্তভোগীর বাসর সামনে প্রতিবেশীদের ভিড়। নয়া দিগন্ত
ads

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে লিপি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী লাভলু মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে তারাব পৌরসভার রূপসী কলাবাগান এলাকার একটি ভাড়া বাসার টয়লেট থেকে লিপির লাশ উদ্ধার করে পুলিশ। 

প্রতিবেশীরা জানান, অন্য এক নারীর সাথে সম্পর্ক নিয়ে কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে লাভলু বাসায় ফেরার পর চিৎকার শুনতে পান তারা। সিসিটিভি ফুটেজে রাতেই লাভলুকে বাসা থেকে বের হতে দেখা গেছে। ভোরে টয়লেটে লিপির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। নিহত লিপির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে।

রূপগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়, ‘ভুক্তভোগীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।