আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী, সিলেট মেট্রোপলিটন পুলিশ
দাড়িয়াপাড়ায় প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন জ্বলছে। সংগৃহীত
ads

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার সামনের গলির মূল গেটের ভেতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি গলির মূল গেটের ভেতরে কোনো বস্তু বা পলিথিনে আগুন দেয়া হয়। ওই গলির ভেতরে তিন-চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের। আগুনের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (সিটিএসবি ও মিডিয়া অফিসার) মো: আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল গেটের ভেতরে আগুন দেয়। পেট্রোল বোমা নয়, পলিথিনসদৃশ কোনো বস্তু পোড়ানো হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এদিকে, সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: কুতুব উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মাহমুদুল হাসান নামে একজন ফায়ার ফাইটার জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনো খবর তাদের কাছে আসেনি।