
সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও চৌকস টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত ওই চার অজ্ঞাতপরিচয় পুরুষকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা শনাক্ত হওয়ার পরপরই সতর্ক অবস্থান নেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত তৎপরতা এবং টহল দলের পেশাদারিত্বপূর্ণ ভূমিকার কারণে বিএসএফের এ অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়। পরে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকর উদ্যোগে বিএসএফের সাথে যোগাযোগ এবং সীমান্তে দৃঢ় অবস্থান বজায় রাখা হয়। এরপর সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া বিজিবি ৪৭ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের সতর্কতা, দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার বিষয়টি আবারও সামনে এসেছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









