
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, পল্লবী থানা চত্বর এবং ভাটারাসহ বিভিন্ন স্থানে কয়েক মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রোববারে (৮ নভেম্বর) সন্ধ্যায় এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। ঢাবিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে গণধোলাই দেয়ার পর শাহবাগ থানায় হস্তান্তর করেছে উপস্থিত জনতা।
এর আগে, শনিবার গভীর রাতেও যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বনানী এবং মিরপুরে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্লবীতে আতঙ্ক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে, ভিসি চত্বর এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। সব মিলিয়ে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরিত হয়। টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত লোকজন দুজনকে আটক করে মারধর করে। এ ছাড়া আরও একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—নাজমুস সাদ (৩৩), সোহেল রানা (৩৩) ও রেজাউল করিম (৪২)। তাদের মধ্যে নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জ, সোহেলের বাড়ি রাজশাহী ও রেজাউলের বাড়ি নাটোরে।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানা চত্বরে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ভাটারায় বাসে অগ্নিসংযোগ
ভাটারার ১০০ ফিট এলাকায় দাঁড়িয়ে থাকা ‘জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি শিক্ষার্থী বহনকারী বাসে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে আগুন ধরিয়ে দেয় এক দুর্বৃত্ত।
শনিবার রাতের ঘটনা
এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরবর্তীতে রাত ১টা ৩ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে হানিফ ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত দুটি ককটেল নিক্ষেপ করে। একই রাতে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং মিরপুরে পল্লবী মেট্রোস্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাতিষ্ঠানিক প্রধানদের বক্তব্য
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো: ইসরাফিল বলেন, ‘৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।’
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, ‘মিরপুর ডিওএইচএস ফ্লাইওভারে মোটরসাইকেল থেকে একটি ককটেল থানার গেটের ভেতরে ছুড়ে মারা যায়। এটি বিস্ফোরিত হয়েছে। কেউ হতাহত হয়নি।’
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে বিস্ফোরণ ঘটাচ্ছেন।’
মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ‘প্রতিটি ঘটনা পুলিশ পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যেই এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে। জননিরাপত্তার জন্য এবং যাতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়, সেই ব্যাপারে পুলিশের তরফে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের টহল দল, পিকেট ডিউটি অব্যাহত আছে।’
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ‘রোববার থানা এলাকার ১০০ ফিটে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনের একটি বাস দাঁড়ানো করানো ছিল। সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এক দুর্বৃত্ত বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তাকে শনাক্তের চেষ্টা চলছে।’
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ‘শনিবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে হানিফ ফ্লাইওভার থেকে থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুজন দুর্বৃত্ত। তারা মোটরসাইকেলে এসেছিল। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।’
পকেট গেটে দায়িত্বরত আনসার সদস্য জানান, ‘ক্যাম্পাসের বাইরে থেকে ককটেলগুলো ভেতরে ছুড়ে মারা হয়।’
শেকৃবি প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের ভয়ভীতি পাওয়ার কারণ নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








