
চিকিৎসা বিলে প্রত্যাশিত ছাড় না দেয়াকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় তাদের ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক শহীদুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একদল যুবক হাসপাতালে এসে অতর্কিত হামলা চালায়। হামলাটি পরিকল্পিত বলে মনে করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিল থেকে ছাড় দেয়ার অনুরোধ জানান তার স্বজনরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও স্বজনরা আরো ছাড় দাবি করেন। এ নিয়ে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালান। হামলাকারীরা হাসপাতালের রিসেপশনের জিনিসপত্র, নিচতলার বসার জায়গা ও বাউন্ডারির কাচ ভাঙচুর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এ হামলায় সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়িত।
সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই একদল লোক হাসপাতালে এসে হামলা চালায়। গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের ভেতর থেকে লোকজন এসেছিল বলে তিনি জানান।
সিটি হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের আবাসিক হলের শিক্ষার্থী।
তিনি আরো জানান, হামলাকারীরা হাসপাতালের নিচতলার সব জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালিয়েছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর সকালে পুলিশের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হামলার পর হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








